টেকনিক্যাল স্কুল ও কলেজে ডিপ্লোমা কোর্সে ভর্তিতে নিষেধাজ্ঞা
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (টিএসসি) ডিপ্লোমা কোর্সে ভর্তি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার রুলসহ এ আদেশ দেন। রুলে এসব প্রতিষ্ঠানে গত বছর (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ডিপ্লোমা কোর্সে ভর্তি কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু, সুরাইয়া বেগম ও হেলালউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
পরে আইনজীবী সুরাইয়া বেগম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চার বছরের টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স চালু আছে। তবে সরকারি অনুমোদন ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত বছর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৬৪ জেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে ডিপ্লোমা কোর্সে ভর্তি করে। এ বছরও ভর্তির জন্য গত ২৩ মে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয় এবং গত বছর করা ভর্তি বাতিল চাওয়া হয়। আদালত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন।