টেকনিশিয়ান নিয়োগ হয়নি ১৩ বছরেও
২০০০ সালের শেষের দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫০ লাখ টাকা মূল্যমানের একটি এক্স-রে যন্ত্র সরবরাহ করা হয়। কিন্তু সেই যন্ত্রটি চালানোর জন্য এখনো টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়নি। এতে এক্স-রে যন্ত্রটি কোনো কাজে আসছে না। এদিকে দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকায় এক্স-রে যন্ত্রটি সচল আছে কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
উপজেলার মগনামা ইউনিয়নের বোর্ডিংপাড়ার বাসিন্দা ছেনুয়ারা বেগম বলেন, পেকুয়া উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে এক্স-রে যন্ত্রের টেকনিশিয়ান না থাকায় বাইরের রোগনির্ণয় কেন্দ্রে এক্স-রে করাতে হচ্ছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, এক্স-রে যন্ত্রের টেকনিশিয়ান না থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) পূর্ণ বর্ধন বড়ুয়া বলেন, এক্স-রে যন্ত্রটির ব্যাপারে গত সপ্তাহেও মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ১০০ বারের ওপরে চিঠি চালাচালি করা হয়েছে। কিন্তু টেকনিশিয়ান দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘এখন যন্ত্রটি সচল আছে কি না, তাও আমরা জানি না।’