টেকনিশিয়ান না থাকায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি নয় বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। টেকনিশিয়ান চেয়ে গত নয় বছরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০৯টি প্রতিবেদন পাঠানো হয়।
জনবল পরিস্থিতির তালিকা করে গত জুলাই মাসেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। ওই প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মে মাস থেকে এক্সে-রে যন্ত্রের টেকনিশিয়ান নেই। প্রতি মাসেই এ প্রতিবেদন পাঠানো হলেও নয় বছর পদটি শূন্য রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পৌরসভা ও ১০টি ইউনিয়নের মানুষের চিকিৎসার ভরসা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালের ২৮ অক্টোবর চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। এ জন্য ৪ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে আধুনিক ভবন নির্মাণ করা হয়। ২০০৭ সালের জুন মাসে নতুন একটি আধুনিক এক্সে-রে যন্ত্র দেওয়া হয়। কিন্তু টেকনিশিয়ান না থাকায় যন্ত্রটি ব্যবহৃত হচ্ছে না। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৪০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে কমপক্ষে ৫০ জন রোগীর এক্স-রের প্রয়োজন হয়।
দেবীপুর গ্রামের কামাল উদ্দিন বলেন, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে হাত ভাঙার এক্স-রে করতে এসেছেন। টেনিশিয়ান না থাকায় পরে তিনি বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে এক্স-রে করান।