টেকনোলজিস্টদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার চট্টগ্রামে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। কর্মবিরতি চলাকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভোগান্তিতে পড়ে রোগীরা।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে শোভাযাত্রা ও সমাবেশ হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের মোজাম্মেল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়নের উদ্যোগ নেই। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
১০ দফা দাবির মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির প্রারম্ভিক বেতন স্তর ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর চালু করা, ঝুঁকি ভাতা চালু করা।
চট্টগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবুল হাসান, সাদেকুর রহমান চৌধুরী, সুভাশীষ বড়ুয়া, অমিত ঘোষ ও আলী আকবর।
এদিকে কর্মবিরতি চলাকালে হাসপাতালের রেডিওলজি, ফিজিওলজি, ব্লাডব্যাংক, প্যাথলজি ও রেডিওথেরাপিসহ বিভিন্ন বিভাগের সামনে রোগীদের ভিড় দেখা যায়।
বেলা সাড়ে ১১টার দিকে রেডিওলজি বিভাগে গিয়ে দেখা যায়, অন্তত ২০ থেকে ২৫ জন রোগী এক্স-রে করানোর জন্য অপেক্ষা করছেন।
মো. জামাল উদ্দিন (৬০) নামের এক রোগী বলেন, ‘আমি দেড় ঘণ্টা ধরে এখানে অপেক্ষা করছি। এখনো এক্স-রে করাতে পারিনি।’
বিভিন্ন জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিটি বিভাগে একজন করে টেকনোলজিস্ট দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
বেসরকারি হাসপাতাল এবং রোগনির্ণয় কেন্দ্রের টেকনোলজিস্টরাও এই কর্মবিরতি পালন করেন। তাঁদের কেউ কেউ চমেক হাসপাতালের কর্মসূচিতে অংশ নেন।