টেকনো ড্রাগের কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনজিল মোরসেদ
মনজিল মোরসেদ

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদকে প্রাণনাশের হুমকির অভিযোগে টেকনো ড্রাগস লিমিটেডের কর্মকর্তা কাজী মামুনকে গ্রেপ্তার করে অভিযোগ তদন্ত করতে ও আইন অনুসারে পদক্ষেপ নিতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আইনজীবী মনজিল মোরসেদকে ২৬ জুলাই আদালত প্রাঙ্গণে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এক যৌথ বিবৃতিতে অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনজীবীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার প্রাণনাশের হুমকি পেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেদিন এক সংবাদ সম্মেলনে মনজিল মোরসেদ জানান, টেকনো ড্রাগস লিমিটেডসহ ২৮ কোম্পানির ওষুধ প্রস্তুতে ত্রুটি নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। গত ৩ এপ্রিল হাইকোর্ট টেকনো ড্রাগসের জিএমপি সক্ষমতা নির্ধারণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিসহ ৫ সদস্যের কমিটি করে দেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছাড়া চার সদস্যের কমিটি গঠন করে টেকনো ড্রাগসের পক্ষে রিপোর্ট দেওয়া হলে তা চ্যালেঞ্জ করেন। এ বিষয়ে গতকাল শুনানি শেষে আদালত কক্ষের দরজার সামনে আসার সঙ্গে সঙ্গে টেকনো ড্রাগসের দু-তিনজন লোক তাঁকে হত্যার হুমকি দেন। বিষয়টি ওই দিনই সংশ্লিষ্ট আদালতের নজরে আনেন বলে জানান তিনি।

আইনজীবী মনজিল মোরসেদ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার আদালত টেকনো ড্রাসগের কর্মকর্তা কাজী মামুনকে বৃহস্পতিবার (আজ) আদালতে হাজির করতে টেকনো ড্রাগস লিমিটেডের আইনজীবীকে নির্দেশ দেন, তবে কাজী মামুনকে হাজির করা হয়নি। হাইকোর্ট কাজী মামুনকে গ্রেপ্তার করে হত্যার হুমকির অভিযোগ তদন্ত করতে ও আইন অনুসারে পদক্ষেপ নিতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।