টেকসই উন্নয়নের জন্য দুর্যোগের ঝুঁকিহ্রাসে এখনই উদ্যোগ নিতে হবে। নয়তো তিলে তিলে গড়া উন্নয়ন অল্প দিনেই ধ্বংস হয়ে যাবে। এই ঘোষণা দিয়ে গতকাল শনিবার জাপানের সেনদাই শহরে শুরু হয়েছে জাতিসংঘের দুর্যোগের ঝুঁকিহ্রাসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
২০১১ সালে ঘূর্ণিঝড় ও সুনামির আঘাতে বিধ্বস্ত এই শহরে সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে শেষ শীতের মনোরম প্রকৃতি আর ধ্বংসের চিহ্ন মুছে গড়ে তোলা অবকাঠামোগত উন্নয়নচিত্র জানান দিচ্ছে এই সম্মেলনের জন্য সেনদাই-ই সবচেয়ে উপযুক্ত শহর। পাহাড়, নদী আর সমুদ্রের অপরূপ মিলনস্থলে গড়ে ওঠা এই শহরটি প্রায় ধ্বংসস্তূপ থেকে চার বছরের মধ্যে যেভাবে জেগে উঠেছে, দুর্যোগের ঝুকিহ্রাঁসে সেভাবেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতে সম্মেলনে যোগ দিয়েছেন ১৯০টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা। রাষ্ট্রপ্রধান রয়েছেন ২০টি দেশের।
সেনদাই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি ২০১১ সালে ঘূর্ণিঝড় ও সুনামিতে নিহত ব্যক্তিদের স্মরণ করে বলেন, কোনো দেশই দুর্যোগের ঝুঁকির বাইরে নয়। ২০১২ সালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরেও ঘূর্ণিঝড় সান্ডাই আঘাত হেনেছিল। তবে স্বল্পোন্নত ও মধ্য আয়ের দেশগুলোকে বিশ্বের ৯০ শতাংশ দুর্যোগ বিপর্যস্ত করে। তাই এই সম্মেলন থেকে দুর্যোগের ঝুঁকিহ্রাসের বিষয়টি উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার অঙ্গীকার করতে হবে।
সম্মেলনের আয়োজক জাতিসংঘের দুর্যোগের ঝুঁকিহ্রাসবিষয়ক সংস্থা ইউএনআইএসডিআরের প্রধান মার্গারেটা অয়ালস্ট্রম সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তাঁদের সমীক্ষা অনুযায়ী প্রতিবছর পৃথিবীতে প্রায় ১০০ কোটি মানুষ কোনো না কোনো দুর্যোগের কবলে পড়ে। এতে মোট ক্ষতি হয় ৩ হাজার ১৪০ কোটি ডলার। অথচ রাষ্ট্রগুলো ঝুঁকিহ্রাসে যদি ৬০০ কোটি ডলার খরচ করে, তাহলে ওই ক্ষতি রোধ করা সম্ভব।
সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠা ও ভবিষ্যতের ক্ষতি মোকাবিলায় প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন।
সম্মেলনে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওই মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, সাংসদ সাবের হোসেন চৌধুরীসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেয়। সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের একটি স্টল নেওয়া হয়। সেখানে বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা শুনতে এবং জানতে বেশ ভিড় দেখা যায়।