টেকসই উন্নয়নে প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশকে খাদ্যসহ সামগ্রিক দিক দিয়ে আরও স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হলে প্রয়োজন নিজ নিজ সচেতনতা। সমাজের সামগ্রিক উন্নয়নে পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখা জরুরি। তা না হলে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়।
গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি আয়োজিত ‘দ্বিতীয় লাইভ স্টক অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন অ্যান্ড অ্যানুয়াল কনফারেন্স ও লাইভ স্টক পোলট্রির মেলা-২০১৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের অগ্রযাত্রায় আত্মতৃপ্তি নিয়ে বসে থাকার কোনো উপায় নেই। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমরা শুধু মধ্যম আয়ের দেশ নয়, উন্নত বা ধনী রাষ্ট্রে পরিণত হতে চাই।’
বাংলাদেশ লাইভ স্টক সোসাইটির সভাপতি জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ অজয় কুমার রায়, এসিআই লি. এগ্রি বিজনেসের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসানের অধ্যাপক সৈয়দ শাহ আলম। অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন’-এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এম মাহফুজুল বারি।
অনুষ্ঠানে মোস্ট ভ্যালুয়েবল পারসন অব দ্য ইয়ার ফর লাইভ স্টক ডেভেলপমেন্ট বিভাগে লাইভ স্টক শিল্পে মো. হাসিবুর রহমান, লাইভ স্টক গবেষণায় অধ্যাপক আ ন ম আমিনুর রহমান, ভেটেরিনারি পেশায় মো. ইমরান হোসেন খান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃষিবিদ শাহ জামালকে লাইভ স্টক অ্যাওয়ার্ড-২০১৫-এর শুভেচ্ছাস্মারক প্রদান করা হয়। এ ছাড়াও ক্যাটালিস্ট মিডিয়া পারসন অব দ্য ইয়ার বিভাগে সম্প্রচার মাধ্যমে (পরিবেশ) মুকিত মজুমদার বাবু ও কানিজ ফাতেমা, হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার অব দ্য ইয়ার বিভাগে লাইভ স্টক শিল্পে মো. ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণে কৃষিবিদ মো. আমিরুল ইসলাম ও মাঠপর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা সম্প্রসারণে মো. মাসুদ রানা বাবুসহ মোট ১২ জনকে শুভেচ্ছাস্মারক প্রদান করা হয়।