দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা সভা শেষে অর্থমন্ত্রী
টেকসই উন্নয়নে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার বিনিময় দরকার
দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার মাধ্যমেই টেকসই উন্নয়নের দিকে যেতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেছেন, টেকসই উন্নয়নের চাবিকাঠি হচ্ছে তিনটি: বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা। দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে এ তিনের বিনিময় দরকার। তাহলে বাংলাদেশসহ সব এলডিসির জন্যই ভালো হবে। কারণ, এটি তুলনামূলক নমনীয় এবং এতে খরচও কম।
রাজধানীর একটি হোটেলে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা বিষয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক সভা শেষে গতকাল সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কার্যালয় (ইউএনওএসএসসি), জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইআরডির যৌথ আয়োজনে এ সভা হয়। ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে থাকা নানামুখী সহযোগিতার ধারা বেগবান করাই এ সভার লক্ষ্য। এতে ৪৫টি দেশের ২৪৫ জন প্রতিনিধি অংশ নেন। আবদুল মোমেন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জন্য জাতিসংঘ গঠিত উচ্চপর্যায়ের কমিটিরও সভাপতি।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দুদিনের সভার সংক্ষিপ্তসার সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, ‘দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতাকে এমনভাবে কাজে লাগাতে হবে, যা আমাদের টেকসই উন্নয়নে ভূমিকা রাখে।’ তিনি বলেন, ‘এগুলো সব অভিজ্ঞতা থেকে উদ্ভূত, যা আমার জীবনেও প্রযোজ্য। আমরা চাই এমন প্রযুক্তি, যা সহজে গ্রহণ করা যায়, আবার বুদ্ধিও কম লাগে।’
পরে পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, ‘আমরা যেমন দুর্যোগ ব্যবস্থাপনায় ভালো, অন্য দেশগুলো এ কৌশল রপ্ত করতে পারে। বা আমরা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় যে উন্নতি করেছি, তা জেনে জার্মানির নীতিনির্ধারকেরা পর্যন্ত বিস্মিত। এগুলোর প্রয়োগ তাঁরা নিজেদের জন্য করতে পারেন।’
তবে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতাকে ভালো অবস্থায় নিয়ে যেতে উন্নত দেশগুলোর সহযোগিতাও লাগবে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘উন্নত দেশ থেকে আমাদের যে সহায়তা পাওয়া উচিত, তা কিন্তু আমরা পাচ্ছি না। তাদের মোট সম্পদের দশমিক ৭ শতাংশ অনুদান পাওয়ার কথা আমাদের মতো দেশগুলোর। পাচ্ছি আমরা শুধু দশমিক ২ শতাংশ।’
সহায়তার পাশাপাশি এলডিসিগুলোকে নিজেদের উন্নয়নের পথও তৈরির তাগিদ দুদিনের সভায় দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের জন্য অর্থায়নটা হলো বড় চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ ও বৈদেশিক সহায়তার পাশাপাশি তাই পারস্পরিক কারিগরি ও প্রযুক্তি সহায়তা এখন জরুরি।
এ সহায়তা শুধু সরকার থেকে সরকার পর্যায়ে নয়, বেসরকারি পর্যায়ের ভূমিকাও যেন থাকে, সে ব্যাপারেও সভায় গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান মুহিত। তবে এর মধ্যেও সবচেয়ে বড় বিষয় হিসেবে তিনি অভিহিত করেন বাণিজ্যকে। তিনি বলেন, ‘বাণিজ্যই হলো প্রধান, আর বাণিজ্য বৃদ্ধি মানেই উন্নয়ন।’
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আগে ‘উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা’ (টিসিডিসি) নামে পরিচিত ছিল। ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে গঠিত হয় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা। পরে তা দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা নামে পরিচিতি পায়।
সভায় দুদিনে ছয়টি পূর্ণাঙ্গ অধিবেশন ও প্রায়োগিক অধিবেশন হয়। অর্থমন্ত্রী জানান, ছয় অধিবেশন থেকে উঠে আসা বিষয়গুলো আগামী জুলাইয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় সম্মেলনে উত্থাপন করা হবে।