প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কর্মশালায় বক্তারা
টেকসই উন্নয়নে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ
আধুনিকতার প্রসারের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে দেশের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্য রক্ষায় সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চত করতে হবে। সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে এ ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সারা বিশ্বে স্বীকৃত। ‘সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় ইউনেসকো কনভেনশনের বাস্তবায়ন’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এ কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। কর্মশালায় বলা হয়, মানুষের দৈনন্দিন জীবনে অনেক রীতিনীতি ও আচার-ব্যবহার রয়েছে। রয়েছে আরও অনেক শিল্প, মেধা ও প্রযুক্তিগত বিষয়, যা মিশে থাকে মানুষের জীবনের প্রতিটি পরতে। সময়ের সঙ্গে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এসব বিষয় হয়ে ওঠে প্রথা, ঐতিহ্য ও পরিচয়ের ধারক-বাহক। নাটক, গান, গীতিকবিতা, পোশাক-পরিচ্ছদ, মৃৎশিল্প, চিত্রাঙ্কন, লাঠিখেলা, মোরগলড়াই, যাত্রাপালা, কবিগান, বাউলগানসহ বিভিন্ন বিষয় সময়কে অতিক্রম করে আমাদের দেশের লোকায়ত জীবনের সঙ্গে মিশে আছে। উল্লেখ্য, হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে রক্ষা এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ২০০৮ সালে সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা কনভেনশন তৈরি করে ইউনেসকো। বাংলাদেশের এমনই এক ঐতিহ্যবাহী সংগীত বাউলগানকে ইউনেসকো ২০০৮ সালে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে। কর্মশালায় প্রত্নতত্ত্ব বিভাগ, বাংলা একাডেমী, জাতীয় আর্কাইভ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমসহ বিভিন্ন পেশার মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। কর্মশালায় ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্য কনভেনশন, বাংলাদেশে এ ধরনের বিভিন্ন ঐতিহ্য ও এর বর্তমান পরিস্থিতি, এ ঐতিহ্য সুরক্ষায় গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তী কর্মপন্থা গ্রহণ, বাস্তবায়ন ও জনসচেতনতা তৈরিতে ব্যবহার করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। আগামী শনিবার চার দিনব্যাপী কর্মশালা শেষ হবে।