উন্নয়নশীল গণতন্ত্র নারীর কথা বলে। আবার গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরিতেও নারীর ভূমিকা অনেক বড়। তাই নারীর ক্ষমতায়ন এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো জরুরি।
বাংলাদেশের রাজনীতিতে নারীদের এগিয়ে নিতে ‘নারীর জয়ে সবার জয়’ প্রচারাভিযান শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এসব কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি ও যুক্তরাজ্যের সাহায্য সংস্থা ইউকেএআইডির যৌথ অর্থায়নে একটি প্রকল্পের আওতায় প্রচারাভিযানটি শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন ১৫০ জনেরও বেশি জাতীয় ও তৃণমূল পর্যায়ের নারী নেত্রী, সাংসদ ও গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানের আলোচনায় রাজনৈতিক দলের ভেতরে নারীর ক্ষমতায়নের কথাটিও উঠে আসে।
ড্যান মজীনা বলেন, নারীরা নিজের পাশাপাশি পরিবার ও সমাজের জন্য কাজ করার ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক। তাঁরাই পরিবার, সমাজ ও দেশ গড়ার কারিগর। নারীদের উন্নয়নের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্যোগেরও প্রশংসা করেন মজীনা।
উন্নয়নশীল দেশগুলোতে ৩৩ বছরের কূটনৈতিক কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মজীনা বলেন, টেকসই উন্নয়নের জন্য নারীদের নিয়ে কাজ করতে হবে। ‘নারীর জয়ে সবার জয়’ প্রচারাভিযান প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর দক্ষতা বাড়াতে এটা কাজ করবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, দীর্ঘদিন ধরে নারীরা নিজেদের অধিকার আদায়ে সংগ্রাম করছেন। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সব ক্ষেত্রেই নারীর ক্ষমতায়ন সম্ভব।
বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ বলেন, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার পদে নারীরা অধিষ্ঠিত হলেও নারীর ক্ষমতায়ন এখনো অনেক দূরে। এখনো নারীরা নির্যাতন ও অ্যাসিড-সন্ত্রাসের শিকার হচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএসএআইডির এদেশীয় পরিচালক জেনিনা জেরুজেলস্কি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালক কেটি ক্রুকস, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী প্রমুখ।