টেকসই উন্নয়নে পুরুষের পাশাপাশি দরকার নারীকে: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, টেকসই উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে দরকার আছে। একজন নারী যদি শিক্ষিত হন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাঁকে রুখতে পারে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন। ‘টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন, সমতা ও বৈষম্যহীনতা’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। রাজধানীতে প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইভী বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও নারী স্বাবলম্বী হওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো শিক্ষা। অনেক সীমাবদ্ধতা আছে, তারপরও আমাদের এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি নারীদের সংরক্ষিত আসন তুলে দেওয়ার পক্ষে। আমাদের উচিত আমাদের নারী হিসেবে নয়, মানুষ হিসেবে চিন্তা করা।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবায়ন একসঙ্গে হয় না। সূচকের অনেক অগ্রগতি হয়েছে কিন্তু তার পেছনে অনেক গল্প আছে। সেই গল্প তুলে ধরতে হবে। দেশ মধ্য আয়ের হলেই দারিদ্র্য ও ক্ষুধামুক্ত হয় না। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে নারীদের মজুরিবৈষম্যের কথা তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, গ্রামে গিয়ে দেখি নারী নির্যাতন ও বাল্যবিবাহ এখনো প্রকট আকারে আছে। তবে নারীদের অবস্থার অনেক পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নারীরা যেভাবে উন্নতি করছেন, এভাবে উন্নয়ন চলতে থাকলে চাইলেও কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম বলেন, ‘আমরা বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশের নারীরা প্রশাসনসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া। তিনি নারী আন্দোলনের ক্ষেত্রে বৈশ্বিক ও দেশীয় বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দেশে নারীদের অগ্রযাত্রার বর্তমান চিত্র তুলে ধরে টেকসই উন্নয়নের স্বার্থে নানান সুপারিশ করেন। নারীর প্রতি সহিংসতায় নানা করণীয় তুলে ধরে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রতি জোর দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিকেএসএফের বোর্ড সদস্য প্রতিমা পাল মজুমদার। অনুষ্ঠানে পিকেএসএফের নানা সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।