টেকসই উন্নয়নে বাধা হতে পারে ডায়াবেটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের টেকসই উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ডায়াবেটিস। তাই তরুণ প্রজন্মকে ডায়াবেটিস থেকে বাঁচাতে শৈশব থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভাসে অভ্যস্ত করতে হবে। দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭১ লাখ। বাংলাদেশে শিশুদের মধ্যেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর বারডেম মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দেশে শিশুদের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশুরা যেন স্বাস্থ্যসম্মত খাবার খায়, এ ব্যাপারে অভিভাবকদের লক্ষ রাখতে হবে। এখন থেকেই স্বাস্থ্যসম্মত খাবার ও শরীরচর্চার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেমের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী। তিনি বলেন, টেকসই উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে ডায়াবেটিস। স্বাস্থ্যসম্মত খাবার ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এই বাধা অপসারিত হতে পারে। তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করতে হবে।
সমিতির সহসভাপতি অধ্যাপক এ আর খানের সভাপতিত্বে সমিতির মহাসচিব সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার আলোচনায় অংশ নেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতি দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার ও প্রচারপত্র বিতরণ করে। সমিতির উদ্যোগে আজ সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘর ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনা মূল্যে সাধারণ মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সকালে শাহবাগ থেকে একটি র্যালি বের করে সমিতি। এ ছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।