টেকসই উন্নয়নে সামাজিক নিরাপত্তা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সামাজিক নিরাপত্তা বাড়াতে হবে। মানসম্পন্ন শ্রম ব্যবস্থাপনা এবং নারী ও শিশুর জন্য শিক্ষার নিশ্চয়তা জরুরি।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বাংলাদেশের উন্নয়নবিষয়ক দিনব্যাপী সেমিনারের শুরুতে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, বাংলাদেশের মতো টেকসই উন্নয়ন খুব অল্প দেশেই দেখতে পাওয়া যাচ্ছে।
সকালের আলোচনায় অংশ নেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক উন্নয়নবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা মারসেলো লাফ্লিউর, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) বিশেষজ্ঞ কাউল মারপি, বেইন ইনস্টিটিউট অব ডেভলপমেন্টের গোস্তাব পাপানেক, হার্ভার্ড ল স্কুলের জন্স ট্রাম্পবউর, হার্ভার্ড ল স্কুল অব পলিটিক্যাল হেলথের আইলিন মেকানোলি প্রমুখ। নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সূচনা হয় ‘বাংলাদেশে উদ্যোগ, বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন’ শীর্ষক সেমিনার। হার্ভার্ড ল স্কুল মিলনায়তনে সেমিনারে অতিথিদের স্বাগত জানান সেমিনারের সমন্বয়ক ইকবাল ইউসুফ। বোস্টনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, সাসটেইনেবিলিটি অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ফর নেট পজিটিভ এন্টারপ্রাইজ, হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ এবং হার্ভার্ড ল স্কুলের লেবার অ্যান্ড ওয়ার্ক লাইফ প্রোগ্রাম এই সেমিনারের আয়োজন করেছে। বাংলাদেশের সামিট গ্রুপসহ বেশ কটি প্রতিষ্ঠান সেমিনার আয়োজনে সহযোগিতা করেছে।
হার্ভার্ড ল স্কুলে লেবার অ্যান্ড ওয়ার্ক লাইফ প্রোগ্রামের জন ট্রাম্পবউর বলেন, ‘শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনকে মোকাবিলা করার জন্য বাংলাদেশসহ সব দেশকে প্রস্তুত থাকতে হবে।’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যামন সানচেজ বলেন, উদ্ভাবনী কর্মকাণ্ডই টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পারে।
অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়নের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রমুখ। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান প্রমুখ বক্তব্য দেন।