টেকসই উন্নয়নের চাবি 'নারী ও স্বাস্থ্য'
পৃথিবীব্যাপী মাতৃমৃত্যুহার গত ২৩ বছরে ৪৫ শতাংশ কমেছে। এই সময়ে নারীর গড় আয়ু ৬.৬ বছর বেড়েছে, পুরুষের বেড়েছে ৫.৮ বছর।
যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার অনলাইন সংস্করণে নারী ও স্বাস্থ্য বিষয়ে প্রকাশিত ল্যানসেট-এর এ বিশেষ প্রতিবেদনে বলা হয়, নারী, নারীর স্বাস্থ্য ও নারী স্বাস্থ্যকর্মীর বিষয়গুলো টেকসই উন্নয়নের কেন্দ্রে থাকা দরকার।
তিন বছরের চেষ্টায় ২৩ জন বিশেষজ্ঞ ‘ওমেন অ্যান্ড হেলথ: দ্য কি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন। এতে বাংলাদেশসহ ৩২টি নিম্ন ও মধ্য আয়ের দেশের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, গত কয়েক দশকের চেষ্টায় নারী স্বাস্থ্যের উন্নতি হলেও নিম্ন আয়ের দেশগুলোতে বছরে প্রায় তিন লাখ প্রসূতির মৃত্যু হচ্ছে গর্ভধারণকালে বা প্রসবকালে। এসব দেশে নারীরা একই সঙ্গে সংক্রামক ও অসংক্রামক উভয় ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।
ল্যানসেট-এর সম্পাদক রিচার্ড হর্টন বলেছেন, ‘নারী ও স্বাস্থ্য’ এবং ‘নারীর স্বাস্থ্য’ এক বিষয় নয়। পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে নারীর অবদান সমাজে স্বীকৃত না হলে ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়নের বৈশ্বিক লক্ষ্য আকাশকুসুম হয়েই থাকবে। ‘নারী ও স্বাস্থ্য’ এই ধারণার দিকে জরুরি দৃষ্টি দেওয়া প্রয়োজন। নারীর স্বাস্থ্য মূলত বালিকা ও বয়স্ক নারীর প্রজননস্বাস্থ্যের অধিকার ও প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা ও পদ্ধতি নারীর ব্যাপারে সংবেদনশীল নয়। পৃথিবীব্যাপী স্বাস্থ্যসেবা দানকারীদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। পরিবারে ও কমিউনিটিতে সনাতন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে নারীর সংখ্যা বাড়ছে। তবে বর্তমান স্বাস্থ্য পদ্ধতির কারণে নারীর কাজকে মূল্য দেওয়া হয় না ও তাদের সহায়তা করা হয় না। তাই নারীর শক্তি পুরোপুরি ব্যবহার করা যায় না। নারীরা বর্তমান স্বাস্থ্য পদ্ধতিতে কম দক্ষতা প্রয়োজন এমন কাজ ও নিম্ন মজুরের কাজ করে।
আর্থিক প্রণোদনা কীভাবে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের কাজে উদ্বুদ্ধ করে, তার উদাহরণ হিসেবে ব্র্যাকের মানসী প্রকল্পের কথা প্রতিবেদনে বলা হয়েছে। ঢাকার বস্তিগুলোতে মানসী প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক। বস্তির স্বাস্থ্যকর্মীরা বাসায় স্বাস্থ্য বার্তা পৌঁছে দেন, গর্ভবতী নারী শনাক্ত করেন, প্রসবের সময় প্রসূতির পাশে থাকেন এবং নবজাতককে সেবা দেন। কিন্তু গবেষণা প্রতিবেদনে বলা হয়, অনেক স্বাস্থ্যকর্মী পূর্ণমাত্রায় কাজ করেন না এবং অনেকে কাজ ছেড়ে দেন। এটা হয় মূলত আর্থিক কারণে।
ল্যানসেট বলছে, দ্রুতগতির বিশ্বায়ন, নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তন নারীর ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশ্বায়ন নারীর লোকসান ও ক্ষতি ডেকে আনছে। বিশ্বায়ন দেশে দেশে বৈষম্য কমিয়েছে, কিন্তু দেশের অভ্যন্তরে বা জনগোষ্ঠীর মধ্যে নারীর প্রতি বৈষম্য গভীর করেছে। দ্রুত নগরায়ণের পরিপ্রেক্ষিতে নারীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নগরজীবনে পুরুষের চেয়ে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয় নারীকে। জলবায়ু পরিবর্তন এই পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে।