টেকসই গণতন্ত্রের জন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি। দক্ষিণ এশিয়ায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়ানোর জন্য একটি আঞ্চলিক মোর্চা গড়ে তোলা প্রয়োজন।গতকাল রোববার রাজধানীতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় সংসদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের ‘ইমপ্রুভিং ডেমোক্রেসি থ্রু পার্লামেন্টারি ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্প এ সম্মেলনের আয়োজন করেছে। তিন দিনব্যাপী এ সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নারী সাংসদ, জেন্ডার বিশেষজ্ঞ, নারীনেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, রাজনীতিসহ সর্বস্তরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনসংখ্যার অর্ধেক নারীদের সম অংশগ্রহণ ছাড়া টেকসই গণতন্ত্র ও উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের জাতীয় নেতৃত্ব ছাড়াও তৃণমূল পর্যায়ে নারীর ইতিবাচক রাজনৈতিক ক্ষমতায়ন ঘটেছে মন্তব্য করে চিফ হুইপ বলেন, জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে নারীর ক্ষমতায়নসংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সঠিক পথেই আছে। বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের সংসদ নির্বাচনে নারীদের ক্রম অগ্রগতির তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সংরক্ষিত আসনসহ নারীর অংশগ্রহণ এখন ১৯ শতাংশ। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের চিত্রকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো বলে মন্তব্য করেন।‘ক্ষমতা, কণ্ঠস্বর এবং অধিকার’ শীর্ষক সম্মেলনে ইউএনডিপির গ্লোবাল জেন্ডার টিমের পরিচালক উইনি বাইয়ানিমা বলেন, জাতিসংঘের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ১৯৯০ সালের মধ্যে ৩০ শতাংশ নারী নেতৃত্ব থাকার কথা। কিন্তু বর্তমানে বিশ্বের মোট সাংসদের মাত্র ১৯ শতাংশ নারী। তাই ২০২৫ সালের আগে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নারী সাংসদের সংখ্যা বেশি—এ ধরনের ১২টি দেশের মধ্যে এশিয়া বা আরবের কোনো রাষ্ট্র নেই।জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার বাংলাদেশের সংসদে সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি নারীরা যাতে সরাসরি নির্বাচনে জয়ী হতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরির বিষয়টিতে গুরুত্ব দেন।সম্মেলনে যুক্তরাষ্ট্রের উইমেন্স ক্যাম্পেইন ফান্ডের প্রেসিডেন্ট সিউবহান ‘স্যাম’ বেনেট, ইউএনডিপি বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক প্রণব চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।বক্তারা রাজনীতিতে নারীর সম অংশগ্রহণকে মানবাধিকার হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, নারী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এলে তা নতুন পরিবর্তনেরও সূচনা করে। কেননা নারীরা সামাজিক সমস্যা, শিশু লালন-পালন, সমমজুরি, প্রজনন স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক নির্যাতন কমানোসহ মানব উন্নয়নের মূল বিষয়গুলোতে গুরুত্ব দেন। ফলে সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হয়।