টেকসই নগর পরিকল্পনায় দরকার স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের সমস্যা সম্পর্কে ভালো জানে স্থানীয় নাগরিকেরা। তাই নগর পরিকল্পনায় স্থানীয় নাগরিকের অংশগ্রহণ এবং সমস্যা সমাধানে তাদের পরামর্শ গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে স্থানীয় সরকার ও এলাকাবাসীকে সাহায্য করার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে।গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘অংশগ্রহণমূলক স্থানীয় উন্নয়ন ও টেকসই নগর পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ওই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ঢাকা সিটি করপোরেশনের আটটি ওয়ার্ডের গবেষণা তথ্য উপস্থাপন করেন। এতে নগরের হোসনি দালান মহল্লা, কসাইটুলি, রসুলবাগ, শান্তিবাগ, তেজগাঁও, এলিফ্যান্ট রোডের মতো এলাকার সমস্যা ও সমাধানের ব্যাপারে নাগরিকদের মতামত তুলে ধরা হয়। ২২ সদস্যের গবেষণা দলের পক্ষে আরিফুর রহমান, সেলিমুল আলম, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, শায়লা জামাল, নাজনীন সুলতানা, নায়লা শারমিন, জান্নাতুল মাওয়া, সৈয়দা বুশরা এসব তথ্য উপস্থাপন করেন। কর্মশালার সমন্বয় করেন বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইসলাম।শিক্ষার্থীরা জানিয়েছেন, ওই আটটি এলাকার নাগরকিদের মত অনুযায়ী সেখানকার সাধারণ সমস্যা হচ্ছে মাদক, সড়কের বেহাল দশা, জলাবদ্ধতা, আবর্জনার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ। সাম্প্রতিক সময়ের নতুন যোগ হয়েছে গ্যাসসংকট। গবেষণা তথ্যে উঠে এসেছে, গণমাধ্যমেও বারবার প্রচার হওয়ার পরও এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা মনে করছে, এলাকার উন্নয়নে নীতিনির্ধারণে স্থানীয় সরকারের অবস্থান খুব দুর্বল। কর্মশালায় সিটি করপোরেশনের সাবেক কমিশনার নাজিম আলী দেওয়ান বলেন, ‘কেবল চারিত্রিক সনদ দেওয়া ছাড়া কমিশনারের কোনো কাজ নেই।’গবেষণা তথ্য উপস্থাপনকারী শিক্ষার্থীরা জানান, সমস্যা চিহ্নিত ও নগর পরিকল্পনায় স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করা জরুরি।বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সরোয়ার জাহান বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়নে দায়িত্ব স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করা হয় না। ফলে উন্নয়ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় না। কর্মশালায় আরও বক্তব্য দেন অধ্যাপক রোকসানা হাফিজ, নগরের বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা।