টেকসই ব্যবসায় প্রয়োজন দক্ষ মানবসম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৭ কোটি জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। নইলে জনসংখ্যাভিত্তিক যে মুনাফা তা পাওয়া যাবে না। তরুণ প্রজন্মকে দেশের সম্পদে পরিণত করার এটাই সময়। আর যে কোনো প্রতিষ্ঠানের ব্যবসাকে টেকসই করতে দরকার প্রতিষ্ঠানের দক্ষ মানবসম্পদ।

শনিবার রাজধানীর বনানীর সেনা মালঞ্চে মানবসম্পদ নিয়ে ৭ম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, মানবসম্পদ ব্যবস্থাপনা বললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বুঝতে হবে বর্তমান তরুণদের কী প্রয়োজন। এটাই সময় দেশের তরুণ প্রজন্মকে সম্পদে পরিণত করে কাজে লাগানো। শুধু সনদ অর্জনের পেছনে দৌড়ালে চলবে না, অর্জিত জ্ঞানকে ব্যবহারিক কাজে লাগাতে হবে।

সকাল নয়টার দিকে সম্মেলন শুরু হয়। স্বাগত বক্তব্যে সম্মেলনের সভাপতি বিএসএইচআরএমের ভাইস প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান বলেন, মানবসম্পদ এমন এক সম্পদ যা দেশের শিল্প, সরকারি-বেসরকারি খাতকে পরিচালনা করার মূল চালিকা। বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে মানবসম্পদকে রূপান্তর করা একটি চ্যালেঞ্জ যেখানে প্রযুক্তি প্রতিনিয়ত ও দ্রুত পরিবর্তিত হচ্ছে। ব্যবসাকে টেকসই করতে মানবসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সম্ভব না হলে জনসংখ্যাভিত্তিক মুনাফা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) পাওয়া যাবে না। তাই দেশের ১৭ কোটি জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

দেশের মানবসম্পদ পেশাজীবীদের বড় সংগঠন বিএসএইচআরএমের সদস্য প্রায় ৩ হাজার। সম্মেলনের প্রতিপাদ্য ছিল-‘টেকসই ব্যবসার জন্যই মানবসম্পদ’। এবারের আসরে শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া, হংকংসহ এশিয়া প্যাসিফিক দেশগুলোর মানবসম্পদ বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার মানবসম্পদ কর্মী এতে অংশ নেন। দিনব্যাপী এই সম্মেলনে থাকছে মানবসম্পদ নিয়ে নানা প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মানবসম্পদ বিভাগের প্রধান মোশাররফ হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের শ্রমবাজারে নতুন কর্মসংস্থান করতে হবে। মানবসম্পদের নতুন প্রযুক্তি যুক্ত করতে হবে। কারণ, একমাত্র মানবসম্পদই পারে ব্যবসাকে টেকসই করতে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সচিব মো. কামরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া প্রমুখ সম্মেলনে বক্তব্য দেন। দিনব্যাপী এই সম্মেলন বিকেল চারটায় শেষ হয়।