টেকসই লক্ষ্য অর্জনে তরুণ বিজ্ঞানীদের সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে আছেন সভাপতি ও প্রবীণ বিজ্ঞানীরা। মঞ্চের পাশে এক এক করে তরুণ বিজ্ঞানীরা ভারী সব বৈজ্ঞানিক শব্দ ও ব্যাখ্যাসহ তাঁদের গবেষণা উপস্থাপন করছেন।

উপস্থিত তরুণ শিক্ষার্থী, নবীন-প্রবীণ বিজ্ঞানীদের কেউ কেউ প্রশ্ন করছেন, উত্তরে যুক্তি আর বিশ্লেষণে গবেষণার বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে। করতালি দিয়ে গবেষককে অভিনন্দন ও উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে শেষ হচ্ছে একেকটি উপস্থাপনা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তরুণ বিজ্ঞানীদের এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘টেকসই লক্ষ্যসমূহ অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তি’।

বেলা ১১টার দিকে জাদুঘর মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। উদ্বোধনকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘আমাদের যা কিছু অর্জন, তা নবীন বিজ্ঞানীদের হাতে তুলে দিতেই এই আয়োজন। আমরা নবীন বিজ্ঞানীদের সব ধরনের সুযোগ দিতে প্রস্তুত।’

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, দ্য গ্লোবাল নেটওয়ার্ক অব সায়েন্স একাডেমিজ এবং দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস-রিজিওনাল অফিস ফর সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট
অধ্যাপক নঈম চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি অধ্যাপক হাসিনা খান, সেক্রেটারি অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে গতকাল ২৯টি বিজ্ঞান গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে পরিবেশ ও জলবায়ু নিয়ে তিনটি, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিয়ে ১২টি, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক মানসম্মত শিক্ষা নিয়ে দুটি, আধুনিক কৃষিব্যবস্থা নিয়ে একটি গবেষণাসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে।

এবারের সম্মেলনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলোসহ ভারত, নেপাল ও পাকিস্তান থেকে আটজন প্রথিতযশা বিজ্ঞানী উপস্থিত থাকছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন। সম্মেলনে দুই শতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করছেন, যাঁদের বয়স ৪০-এর নিচে।

সম্মেলনে অংশ নেওয়া সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতক শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘সম্মেলনে অংশ নেওয়া একটা বড় সুযোগ ছিল আমার জন্য। এখানে না এলে অনেক কিছু শেখা যেত না। নতুন নতুন গবেষণার ধারণা পেলাম।’

তরুণ গবেষক ফাতেমা নাসরিন ওষুধ নিয়ে একটি গবেষণা উপস্থাপন করেন। তিনি দেখান, যেসব ওষুধ পানিতে দ্রবীভূত হয় না সেগুলোকে বিভিন্ন মাত্রার পলিমার ব্যবহার করে দ্রবীভূত করা সম্ভব। এতে ওষুধের কার্যকারিতা আরও বাড়ে। সম্মেলনে বিভিন্ন প্রশ্ন, তার উত্তর ও বিশ্লেষণের বিষয়টিকে এই তরুণ বিজ্ঞানী গুরুত্ব দিয়ে প্রথম আলোকে বলেন, সম্মেলনে বৈজ্ঞানিক ধারণার আদান-প্রদান হয়, নতুন ধারণা শেখাও যায়, যা তরুণ গবেষকদের জন্য জরুরি। 

তিন দিনের এ আয়োজনের আজ শুক্রবার দ্বিতীয় দিন। আজ সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে এ সম্মেলন রাত সাড়ে আটটায়
শেষ হবে। কাল শনিবার সকাল নয়টা থেকে শুরু হবে নারী বিজ্ঞানীদের ক্ষমতায়ন ও চ্যালেঞ্জ নিয়ে দিনব্যাপী গবেষণা উপস্থাপন ও আলোচনা।