টেকা নদী গিলছে ব্যবসায়ী, এনজিও!
নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে মাছের আড়ত। তার পাশে দুটি দোকান। আড়তটি সজ্জিতকরণে আবার এগিয়ে এসেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। তারা নদীর জায়গা দখল করে নির্মাণ করে দিচ্ছে একটি শৌচাগারও।
যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন ও মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের সীমানা ঘেঁষে প্রবহমান টেকা নদী দখল করে এসব স্থাপনা তৈরির অভিযোগ পাওয়া গেছে।
পায়রা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোল্যা মফিজুর রহমান বলেন, টেকা নদী দখল করে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সম্প্রতি নদীর জায়গায় একটি বড় শৌচাগার নির্মাণ করা হচ্ছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, নদীটির উত্তর পাশে অভয়নগরের বারান্দী গ্রাম। দক্ষিণ পাশে মনিরামপুরের পাঁচাকড়ি গ্রাম। নদীর ওপরে রয়েছে একটি সেতু। নাম টেকা ব্রিজ। সেতুটির উত্তর পাশে নদীর জায়গা দখল করে দাঁড়িয়ে রয়েছে মাছের আড়তটি। নাম প্রেমা ফিশ। এর পাশে মাছের খাবার বিক্রির দুটি দোকান। আড়তের পশ্চিম পাশে উত্তর তীর ঘেঁষে নদীর মধ্যে নির্মাণ করা হচ্ছে শৌচাগার।
স্থানীয় কয়েকজন বলেন, আড়তটি নির্মাণ করেছেন পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মণিশংকর রায়। পাশের দোকান দুটির একটি নির্মাণ করেছেন একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি রবীন বিশ্বাস। অপরটি নির্মাণ করেছেন বারান্দী গ্রামের ভবেশ বৈরাগী। বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) নামের একটি এনজিও শৌচাগারটি নির্মাণ করে দিচ্ছে। এ ছাড়া আড়তে টাইলসও স্থাপন করে দিয়েছে সংস্থাটি। আড়তটিতে মাছ বেচাকেনার আড়ালে চিংড়ির শরীরে জেল ঢোকানো হয়। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর আড়তে গলদা ও বাগদা চিংড়ির শরীরে সিরিঞ্জের মাধ্যমে জেল ঢোকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করেন। সে সময় জেল ঢোকানো ৬৫ কেজি বাগদা ও ১৫ কেজি গলদা চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইউএনও মোহাম্মদ নাসির উদ্দীন মিয়া এ আদালত পরিচালনা করেন।
তবে ইউপি সদস্য মণিশংকর রায় বলেন, ‘ওই জায়গা নদীর নয়, আমার। নিজের জায়গায় আড়ত তৈরি করেছি। শৌচাগারটিও আমার জায়গায় তৈরি করছি। ডিসেম্বরের মাঝামাঝি কাজ শুরু করেছি। এখন শেষ পর্যায়ে। আর কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে।’
আওয়ামী লীগের নেতা রবীন বিশ্বাস বলেন, ‘জায়গাটি আমার নয়; নদীর। এখন মণিশংকর দাবি করছেন, ওই জমি তাঁর। আমি অভাবী মানুষ। ওই ঘরটি তৈরি করে সেখানে মাছের খাবার বিক্রি করি।’
বিএসএফএফ সূত্র জানায়, সংস্থাটি থেকে মাছ সংগ্রহকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য ২ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের সভাপতি মণিশংকর রায়। প্রকল্পের আওতায় তাঁর আড়তে টাইলস স্থাপন ও শৌচাগার নির্মাণ করা হচ্ছে।
বিএসএফএফের অ্যাকুয়াকালচার বিশেষজ্ঞ মাহফুজুর রহমান বলেন, ‘মণিশংকর রায় জানিয়েছিলেন, জমিটি তাঁর। মাছের ডিপোও তাঁর নিজের জমিতে তৈরি। তিনি ওই জমির রেকর্ড সূত্রে মালিক। এখন শুনছি জমি তাঁর নিজের নয়; নদীর। ওই স্থাপনা উচ্ছেদের জন্য সরকার ব্যবস্থা নিলে আমরা মেনে নেব।’
উপজেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বলেন, ‘মাছ সংগ্রহকেন্দ্রে নির্মাণের জন্য বিএসএফএফ আমাদের জানায়নি। এ ব্যাপারে আমাদের দায়দায়িত্বও নেই। আমাদের জানালে নদীর মধ্যে এভাবে স্থাপনা নির্মাণ হতো না।’
ইউএনও মোহাম্মদ নাসির উদ্দীন মিয়া বলেন, টেকা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া চলছে। বিষয়টি উপজেলা নদী রক্ষা কমিটির সভায় আলোচনার পর অনুমোদনের জন্য জেলায় পাঠানো হবে। অনুমোদনের পর স্থাপনা উচ্ছেদ করা হবে। নতুন করে নির্মাণ করা স্থাপনা নির্মাণের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।