টেকা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ থেমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার টেকা নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম থমকে আছে। চার মাস আগে উপজেলার বারান্দী এলাকায় নদীতীরে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে বাকি স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এরপর আর এগোয়নি উচ্ছেদ কার্যক্রম।
যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন ও মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের সীমানা ঘেঁষে প্রবাহিত হয়েছে টেকা নদী। নদীর উত্তর পাশে অভয়নগর উপজেলার বারান্দী গ্রাম। আর দক্ষিণ পাশে মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রাম। নদীর ওপর রয়েছে একটি সংযোগ সেতু। নাম ‘টেকা ব্রিজ’। টেকার উত্তর পাশে নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে একটি মাছের আড়ত, একটি খাবারের হোটেল, মাছের খাদ্য বিক্রির দুটি দোকান এবং একটি শৌচাগার। শৌচাগারটি নির্মাণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)। শৌচাগার নির্মাণের পাশাপাশি বিএসএফএফ মাছের আড়তে টাইলস স্থাপনের কাজ করেছে। এ কাজে বিএসএফএফ ২ লাখ ৬৯ হাজার টাকা ব্যয় করেছে।
গত ১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘টেকা নদী গিলছে ব্যবসায়ী, এনজিও!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ৭ ফেব্রুয়ারি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন মিয়া একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত টেকা নদীর জায়গা দখল করে গড়ে তোলা একটি খাবারের হোটেল, একটি মাছের আড়ত, দুটি মাছের খাদ্য বিক্রির দোকান এবং একটি শৌচাগারের আংশিক উচ্ছেদ করেন। ১২ ফেব্রুয়ারির মধ্যে অবৈধ দখলদারদের নদীর জায়গা থেকে তাঁদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন আদালত। ওই সময়ের স্থাপনা সরিয়ে না নিলে এক্সকাভেটর দিয়ে স্থাপনা উচ্ছেদ করা হবে বলে আদালত ঘোষণা দেন। এরপর টেকা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে আছে।
ভারপ্রাপ্ত ইউএনও মনদীপ ঘরাই বলেন, ‘টেকা নদীর জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। এ জন্য জেলা প্রশাসকের অনুমোদন পাওয়া গেছে। আমরা এক্সকাভেটর দিয়ে ওই সব স্থাপনা উচ্ছেদ করব। তবে সম্প্রতি জমির মালিকানা দাবি করে আড়তের মালিক মনিশংকর রায় আদালতে একটি মামলা করেছেন। সে কারণে আড়তটি বাদ রেখে অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’