টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের জায়গা দখল হয়ে যাচ্ছে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বাসা, ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রকল্পের জায়গা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিচ্ছেন। ১৯৯৯ সালে প্রকল্পের কার্যক্রম বন্ধ করে লোকবল এই প্রকল্পের নিয়ন্ত্রণকারী বিসিআইসির প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডে বদলি করার পর থেকেই এ দখল-প্রক্রিয়া শুরু হয়। উল্লেখ্য, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পটি ১৯৬৫ সালে ছাতক সিমেন্ট কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে চালু হয়। এখানকার চুনাপাথর দিয়েই ছাতক সিমেন্ট কোম্পানিতে ক্লিংকার তৈরি করা হতো। উত্তোলন-ব্যয় বেড়ে যাওয়ায় এটি বন্ধ করে দেওয়া হয়। টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (টিএলএম) ব্যবস্থাপকের বাংলোটি এখন বড়ছড়া শুল্ক স্টেশনের কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। এই স্টেশনের মাধ্যমেই ভারত থেকে কয়লা আমদানি হয়ে থাকে। এখানে এক কিয়ার (৩০ শতক) জায়গার ভাড়া হিসেবেই বছরপ্রতি পাওয়া যায় তিন লক্ষাধিক টাকা। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ও এলাকাবাসী জানিয়েছেন, এই দখলে আওয়ামী লীগ নেতৃত্বে থাকলেও বিএনপির লোকজনও জড়িত রয়েছেন। উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রকল্পের জায়গা এখন সোনার চেয়েও দামি। সরকার পরিবর্তনে যাতে দখল উচ্ছেদ না হয়, তাই সরকারি ও বিরোধী দলের লোকজন মিলেই দখল কার্যক্রম চালাচ্ছে। দখলদারদের উচ্ছেদে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আক্কাছ সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার চিঠি দিয়েছেন। টেকেরঘাট খনি প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পের ১৯৯ দশমিক ৪১ একর ভূমির ১০০ একর এখন অবৈধ দখলদারদের দখলে। পাকা বাসা ৪২টি এবং কাঁচাঘর ১২০টির সবগুলোই দখলদারদের দখলে। টেকেরঘাটে দোকানকোঠা ১২০টি এবং বড়ছড়ায় ৪০০ দোকান দখল হয়ে গেছে।টেকেরঘাট খনি প্রকল্পের ভূসম্পত্তি এবং বাসাবাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিত শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘আমাকে সামনে রেখেই স্থানীয় প্রভাবশালীরা সবকিছু দখলে নিয়ে যাচ্ছে। আমি বাধা দেওয়ায় তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’ ৪ জুন উপজেলা সমন্বয় সভায় উপস্থিত স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন দখলদারদের উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবাহান আখঞ্জি বলেন, ‘আওয়ামী লীগ দখলের সঙ্গে জড়িত নয়। এমপি সাহেব সমন্বয় সভায় বলেছেন, সব দখলদারকেই উচ্ছেদ করতে হবে।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী বলেন, বিএনপি দখলের সঙ্গে জড়িত নয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের নেতা রিয়াজ উদ্দিন খন্দকার বলেন, দখলে দুই দলের নেতারাই আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কাগজপত্র দেখে দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।