টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া তাঁরা গতকাল কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘটও পালন করেন।এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কর্তৃপক্ষ গত মঙ্গলবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা গত মঙ্গলবার বিকেলে তাঁদের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল ঘোষণার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও কয়েকটি কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা আবু সিনা মো. রোকনুল কাদের শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় শিক্ষার্থীরা গতকাল বুধবার বেলা তিনটার মধ্যে ফল ঘোষণা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন।শিক্ষার্থীরা জানান, তাঁরা গত বছরের অক্টোবরে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। কিন্তু এরই মধ্যে ১০ মাস পার হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের ফল ঘোষণা করা হচ্ছে না। তাঁরা আরও জানান, নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বরে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল খারাপ হলে এর জন্য তাঁদের বিপাকে পড়তে হবে। তাঁরা বারবার ফল ঘোষণার দাবি জানালেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না।ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সিনা মো. রোকনুল কাদের প্রথম আলোকে বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং শাখাটি নতুন হওয়ায় এবং খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস করানোর কারণে পরীক্ষার খাতা দেখতে কিছুটা সময় লেগে যায়। খুব শিগগির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফল প্রকাশ করা হবে।