টেক্সটাইল করপোরেশন কর্মকর্তা নিহতের ঘটনায় চালক কারাগারে
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গত সোমবার সকালে বাসচাপায় বাংলাদেশ টেক্সটাইল করপোরেশনের কর্মকর্তা মনোয়ার হোসেন নিহত হওয়ার ঘটনায় আটক বাসচালক জামাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, জামাল হোসেনকে গতকাল মঙ্গলবার প্রথমে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাঁকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। তিনি আরও জানান, রাজধানীর অনেক পরিবহনে চালকের সহযোগী নেই। সোহাগ পরিবহনের ওই বাসেও চালকের কোনো সহযোগী ছিল না। এ কারণে চালক বাসটি ঘোরানোর সময় পেছনে থাকা লোক দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে স্বীকার করেন। উল্লেখ্য, গত সোমবার সকালে টেক্সটাইল করপোরেশনের সাবেক কর্মকর্তা মনোয়ার হোসেন হাঁটতে বেরিয়ে মানিক মিয়া এভিনিউ এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন।