টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা দেশের অর্থনীতি, উৎপাদনব্যবস্থা ও সমাজকে পাল্টে দিতে পারে। জীবনঘনিষ্ঠ এ শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সরকার সম্ভব সবকিছু করবে। মানসম্মত জনবল তৈরির লক্ষ্যে টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগও নিয়েছে সরকার।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃতায় এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল। অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তিনি এ উদ্বোধনী অনুষ্ঠানসহ কারিগরি সপ্তাহের সার্বিক কর্মসূচির সফলতা কামনা করে একটি শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ সামগ্রিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সম্প্রসারণের মাধ্যমে দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, শিল্পোদ্যোক্তা তৈরিসহ দেশীয় ও বৈদেশিক চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেম বক্তৃতা করেন। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, কূটনীতিক, সচিব, শিক্ষাবিদ, শিক্ষকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, ‘সাধারণ শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেকারত্বের ঘানি না টেনে আমাদের যুব সমাজকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিসমৃদ্ধ কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে।’ সরকারি-বেসরকারি তথা সামাজিক পর্যায়ে কারিগরি শিক্ষা অব্যাহত অবহেলার শিকার উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ, যন্ত্রপাতির আধুনিকীকরণ, যুগোপযোগী সিলেবাস প্রণয়নসহ এ খাতের দুর্বলতা কাটিয়ে উঠতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।মন্ত্রী দাতাগোষ্ঠীসহ উন্নয়ন-সহযোগীদের বারবার সাহায্য দিয়ে ঋণের বোঝা না বাড়িয়ে কারিগরি খাতে ঋণ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এ ঋণ নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে পাল্টে দিতে চাই।’ গার্মেন্টস খাতে সাড়ে ১৭ হাজার বিদেশি দক্ষ জনবল এ দেশে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে মানসম্মত জনবল তৈরির লক্ষ্যে টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নিয়েছি।’ তিনি কারিগরি শিক্ষা গ্রহণে জনমত তৈরির লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।