টেক্সটাইল মিলকে ৩০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দিবসের দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে একটি টেক্সটাইল মিলকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী এ নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর জানায়, ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত আজাদ নিট কম্পোজিট টেক্সটাইলস মিলস লিমিটেড নামের কারখানাটি ১৫ বছর ধরে বেআইনিভাবে উৎপাদন করে আসছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন এ কারখানার কোনো ইটিপি নেই। এমনকি ইটিপি বসানোর উদ্যোগও নেওয়া হয়নি। বিনা বাধায় কারখানার মালিক ১৫ বছর শীতলক্ষ্যা নদীতে দূষিত বর্জ্য-পানি ফেলে নদী ধ্বংস করেছেন। গতকাল মঙ্গলবার কারখানার ব্যবস্থাপনা পরিচালক হাজি আবুল কাশেমকে দণ্ডিত করে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং কারখানা বন্ধের নির্দেশ দেন। এ কারখানা থেকে এ পর্যন্ত ১৩ কোটি লিটার কেমিক্যালমিশ্রিত বিষাক্ত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই পার্শ্ববর্তী খাল দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়েছে।