টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ৬ লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে পাঁচতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের এক সদস্য।
কারখানার কয়েকজন শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানান, আজ কারখানা বন্ধ ছিল। কারখানার নিচতলায় রাসায়নিক গুদাম। সেখানে ওয়েলডিংয়ের কাজ চলছিল। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বড় মাজারপুর গ্রামের বাসিন্দা মো. বাবু মিয়া (২২) ও বাসুদিয়া গ্রামের আমির হামজার ছেলে মো. নাজমুল হোসেন, মানিকগঞ্জের ঘিওর থানার বড়বিলা গ্রামের কলিমুদ্দিনের ছেলে মো. রতন মিয়া (২০), ঝিনাইদহের সদর উপজেলার কমার আলী গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. সজীব মিয়া (১৭), চুয়াডাঙ্গার চাঁদপুর গ্রামের আ. রহিমের ছেলে মো. ইসরাফিল (২৬), সিরাজগঞ্জের (২২) আর কারখানার রান্নার লোক হাসিনা বেগম (৬০)। আহত ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের মো. হারুন-অর-রশিদ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে আইডিয়াল মিলের দিক থেকে লোকজনের চিৎকারে অনেকে ঘর থেকে বের হয়ে আসে। ওই সময় মিলের জানালা দিয়ে অনেক ধোঁয়া বের হচ্ছিল। আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয় লোকজন আটকাপড়া ব্যক্তিদের উদ্ধার করতে ভেতরে যেতে চাইলে মিল কর্তৃপক্ষ বাধা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার এক কর্মচারী বলেন, কারখানার নিচতলার পশ্চিম দিকের একটি কক্ষে প্যারাসাইট অ্যাসিড, কাপড়ে মেশানোর কেমিক্যাল ও রং ছিল। গোডাউনের ভেতর আরও তাক তৈরি করার জন্য ওয়েল্ডিং করা হচ্ছিল। সেখান থেকে আগুনের ফুলকি রাসায়নিক পদার্থের ওপর পড়ে আগুন লেগে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার একজন কর্মচারী বলেন, ‘প্রতিদিন ওই কারখানায় রাত ও দিনের দুই শিফটে মোট ৪০০ জন শ্রমিক কাজ করেন। আমাদের ওঠার ও নামার জন্য একটাই সিঁড়ি। তাই যাঁরা কারখানার নিচতলায় ছিলেন, তাঁরা বের হতে পারলেও আগুন দ্বিতীয় তলার সিঁড়িতে ছড়িয়ে পড়ায় ওপরের কেউ বের হতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘আজকে আমাদের কারখানা বন্ধ ছিল। যাঁরা এ ঘটনায় হতাহত হয়েছেন, তাঁরা আজ কোনো কাজ করতে হবে কি না, তা জানতে কারখানায় গিয়েছিলেন।’
মুক্তারপুর নৌ ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে নারায়ণগঞ্জ থেকে আরও একটি ইউনিট বেলা ১১টায় ঘটনাস্থলে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টা তিনটি ইউনিট ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিসের মুন্সিগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ারদার প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটির নিচতলায় সকালে রাসায়নিক ব্যবহার করে স্যাম্পল তৈরির কাজ চলছিল। পাশেই চলছিল ওয়েলডিংয়ের কাজ। ওয়েলডিংয়ের ফুলকি থেকে রাসায়নিক দ্রব্যের গুদামে পরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘যে ছয়জন মারা গেছেন, তাঁরা প্রত্যেকেই কেমিক্যালের ধোঁয়ায় দমবন্ধ হয়েই মারা গেছেন। লাশগুলো দ্বিতীয় ও চতুর্থ তলা থেকে উদ্ধার করেছি। আগুন নিয়ন্ত্রণের সময় আমাদের এক কর্মীও আহত হয়েছেন।’
এ ছাড়া চতুর্থ তলায় আটকেপড়া শ্রমিক নাজমুল (২০), ইসরাত (১৮), উজ্জ্বল (২০), নাজমাকে (১৯) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার কাজ চলছে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রথম আলোকে বলেন, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলী মজুমদারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক নিহত শ্রমিকের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. ইদ্রিস সরকার, হিসাবরক্ষক মো. আরমান হোসেন, গার্ড ওমর আলীসহ মো. ওসমান ও আক্তার উল নামের পাঁচজনকে আটক করেছে পুলিশ।