টেক্সটাইল মিলে ডাকাতি
নরসিংদী সদর উপজেলার বাবুরহাট চৈতাব শিল্প এলাকার টাইকন টেক্সটাইল মিলে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অর্ধকোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছে মালিকপক্ষ।জানা গেছে, গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল টাইকন টেক্সটাইল মিলে হানা দেয়। তারা অস্ত্র দেখিয়ে শ্রমিকদের জিম্মি করে তাঁদের কাছ থেকে ১৮টি মুঠোফোনের সেট এবং মিলের অফিসকক্ষের আলমারি ভেঙে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে মিলের প্রধান ফটক খুলে ট্রাকে করে ২৫৮ ব্যাগ সুতা নিয়ে যায় ডাকাতেরা।নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা টুটুল জানান, ডাকাতির ঘটনায় মিলের মালিক রাকিবুল হোসেন মামলা করেছেন। ডাকাতির সঙ্গে মিলের কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য মিলের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সুপারভাইজার আনিসুর রহমান চৌধুরী, কর্মচারী মোকলেছ গাজী ও আলমগীর হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।