টেক্সটাইলপল্লি স্থাপন প্রকল্প এগোচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও খুলনা টেক্সটাইলপল্লি স্থাপন প্রকল্পটি ক্রমেই পিছিয়ে যাচ্ছে। পুরোনো টেক্সটাইল মিলের ঘরবাড়ি ও গাছপালা এখনো না সরানোয় চলতি জুলাই মাসেও প্লট বরাদ্দ হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা পুরোনো টেক্সটাইল মিলের ২৬ একর জমি থেকে স্কুল, মসজিদ, পার্ক ও কবরস্থানের জন্য ৩ দশমিক ৭৬ একর বাদে বাকি ২২ দশমিক ২৪ একর জমিতে ৪০টি প্লট তৈরি হবে। ওই প্লট বরাদ্দ পাওয়ার পর উদ্যোক্তারা সেখানে গার্মেন্টস ব্যাক-আপ বিভিন্ন ফ্যাক্টরি স্থাপন করবেন। অর্থাৎ দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সর্ববৃহৎ খাত পোশাকশিল্পের জন্য আগে যেসব কাঁচামাল বেশি টাকা খরচ করে বিদেশ থেকে আমদানি করতে হতো তার সিংহভাগই খুলনা টেক্সটাইলপল্লির ফ্যাক্টরি থেকে উৎ পন্ন হবে ।সেই লক্ষ্যে ১৯৯৯ সালে খুলনা টেক্সটাইল মিলের জমিতে টেক্সটাইলপল্লি স্থাপনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়। পরবর্তী সময়ে প্রকল্পটি থমকে যায়। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবারও উদ্যোগ নেয়। ইতিমধ্যে মিলের ভবন ও মেশিনপত্র সরানোর জন্য কয়েক দফা টেন্ডার হলেও তা শেষ হয়নি। তাই মিলের জায়গা ফাঁকা না হওয়ায় প্লট তৈরি হচ্ছে না। বর্তমান সরকারের আড়াই বছর চলে গেলেও টেক্সটাইলপল্লি স্থাপনের কাজ বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। খুলনা টেক্সটাইল মিলের হিসাবরক্ষণ কর্মকর্তা বকুল আহমেদ বলেন, মিলের জমিতে একটা টেক্সটাইল কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। তাই কিছু জমি কমে যাওয়ায় এখন ৪০টির পরিবর্তে ৩৭টি প্লট তৈরির নকশা মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এবং ভবন অপসারিত হলে অক্টোবরের মধ্যে প্লট বিক্রির পর্যায়ে নেওয়া যাবে বলে আশা করা যায়।টেক্সটাইলপল্লিতে কারখানা গড়তে ইচ্ছুক শেখ মোশারফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে জুলাই মাসে প্লট বরাদ্দের কথা ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্লট তো দূরের কথা, এখনো মিলের ঘরবাড়ি, গাছপালাই সরানো হয়নি। খুলনায় গ্যাস নেই, বিদ্যুতের সমস্যা। তাই সরকার শিল্পোদ্যোক্তাদের বিশেষ রেয়াত দিলে টেক্সটাইলপল্লিতে পোশাকশিল্পের মালিকেরা কারখানা গড়তে এগিয়ে আসবেন। তখন খুলনার অনেক মানুষ কাজ পাবে।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, টেক্সটাইলপল্লি স্থাপনের প্রকল্পটি বিগত আওয়ামী লীগ সরকার আমলেরই নেওয়া। আমলাতান্ত্রিক জটিলতার জালে আটকা পড়ে এখনো বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু দ্রুত এর বাস্তবায়ন প্রয়োজন। এ ছাড়া তিনি পর্যায়ক্রমে নিউজপ্রিন্ট, দৌলতপুর জুট মিলসহ সকল বন্ধ মিল চালু ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক কয়েকটি স্কুল-কলেজ সরকারীকরণেরও দাবি জানান। মিলের ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, গাছ কাটার ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। তবে ভবন সরাতে অক্টোবর-নভেম্বর মাস লেগে যাবে। বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মাহমুদুল আলম বলেন, টেন্ডারের প্রক্রিয়া চলছে। এর মধ্যে শিল্প-প্লট আকারে বিক্রির জন্য মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তা ছাড়া মিলের জমি নিয়ে উচ্চ আদালতে দুটি মামলা চলছে। এ নিয়েও আইনি লড়াই করতে হচ্ছে। শিগগিরই আইনি সমাধান ও মন্ত্রণালয়ের অনুমোদন পেলে টেক্সটাইলপল্লি স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।