টেন্ডার বাতিলে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
লালমনিরহাট রেলওয়ে ড্রাইভারপাড়ার খেলার মাঠে বিপণিবিতানের জন্য দোকান বরাদ্দের টেন্ডার বাতিলে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
ওই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. মজিবর রহমান, লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবদুল মজিদ মণ্ডল প্রমুখ।
ওই স্মারকলিপি সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে এস্টেট বিভাগ ওই মাঠে দোকানের প্লট তৈরি করে বিপণিবিতান স্থাপনের জন্য গত ৩১ জানুয়ারি টেন্ডার আহ্বান করে। বিষয়টি জেনে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেননা সরকারের ঘোষণা অনুযায়ী, কোনো অবস্থাতেই খেলার মাঠকে ভিন্ন কাজে ব্যবহারের সুযোগ নেই। এ ছাড়া লালমনিরহাট শুধু জেলা বা প্রথম শ্রেণির একটি পৌরসভা শহর নয়, রেলওয়ের একটি বিভাগীয় শহর। শহরের পূর্বাংশে সাধারণ মানুষের চিত্তবিনোদন তথা শিশু-কিশোরদের মানসগঠন ও শরীরচর্চা, খেলাধুলার সুযোগ না থাকায় এ অংশের একটি বিরাট জনগোষ্ঠী এসব কার্যক্রম থেকে বঞ্চিত। এ অবস্থায় পূর্বাংশে অবস্থিত রেলওয়ে ড্রাইভারপাড়ার খেলার মাঠটি রক্ষা ও পার্শ্ববর্তী স্থানে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ও একটি অডিটোরিয়াম স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেলওয়ে ড্রাইভারপাড়া মাঠটি যাতে অবৈধভাবে জবরদখলে না যায় ও রেলওয়ের অব্যবহৃত/পতিত জমি টেন্ডারের মাধ্যমে রেলের আয় বাড়ানোর বিষয়টি মাথায় রেখে ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষের নির্দেশনায় বিপণিবিতান স্থাপনের জন্য ওই উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে।