টেন্ডারবাজদের স্থান কাপাসিয়ার মাটিতে হবে না: সোহেল তাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, টেন্ডারবাজি করা ছাত্রলীগের কাজ নয়। টেন্ডারবাজদের স্থান কাপাসিয়ার মাটিতে হবে না। তিনি আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। আর দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার পুলিশ। তাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ সাত বছর পর তাঁর নিজ বাড়ি দরদরিয়াতে ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে রাত আটটায় আমিনুল ইসলামকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পারভেজ রানার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব উদ্দিন ওরফে সেলিম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সোহেল তাজ আরও বলেন, নীতি-আদর্শ মানুষের বড় সম্পদ। মাথা নত করে সারা জীবন বেঁচে থাকার চেয়ে এক দিন মাথা উঁচু করে বেঁচে থাকা অনেক ভালো। অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না।