টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমিদখল ও সন্ত্রাসীদের জন্য আওয়ামী লীগ নয়। এগুলো যারা করবে, তাদের স্থান হবে জেলখানা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলা যুবলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মান্নান খান এ কথা বলেন।জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে যুবলীগের আহ্বায়ক রাহীম কমিশনারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাই জনগণের স্বার্থবিরোধী কাজ করলে ভবিষ্যতে আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে হবে। তিনি তাঁর আত্মীয়স্বজনদের ইঙ্গিত করে বলেন, ‘আমার নাম বিক্রি করে কেউ যদি অবৈধ সুবিধা নিতে চায়, তাকে চিহ্নিত করে পুলিশে দিন। মহাজোট সরকারকে বিপদে ফেলতে ও যুদ্ধাপরাধীদের বিচারকার্য বাধাগ্রস্ত করতে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও মুক্তচিন্তার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।’অনুষ্ঠানে চিত্রনায়ক আলমগীর বলেন, দেশে প্রত্যেক সরকারই ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে। সরকারগুলোর উচিত রাজাকারের তালিকা তৈরি করে তাদের চিহ্নিত করা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, মেজর জেনারেল (অব.) এ আর খান, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন প্রমুখ।অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন আঁখি আলমগীরসহ বিশিষ্ট শিল্পীরা।