টেন্ডারবাজি বন্ধ করার প্রতিজ্ঞা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ছাত্রলীগ কর্মীদের টেন্ডারবাজির খবর পত্রিকায় পড়ে খুব খারাপ লাগে। এখন থেকে আর কোনো টেন্ডারবাজি যেন না হয়, এই প্রতিজ্ঞা করতে হবে সবাইকে। তাহলেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতি মানুষের আস্থা থাকবে।’গত শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি সোনালি ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে সকলে মিলে ধরে রাখতে হবে। এর জন্য আমাদের নিজেদের বদলানো দরকার। দলের অভ্যন্তরীণ সমস্যা দূর না করলে মানুষের কাছে দলকে উপস্থাপন করা যাবে না।’মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক। সাধারণ সম্পাদক ইফতেখার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। এ ছাড়া গতকাল শনিবার বেলা একটায় সিলেটের গোলাপগঞ্জ বাগিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ আশরাফ। এ সময় তিনি বলেন, শিক্ষিত ও অগ্রগামী সমাজ গঠনের জন্য বর্তমান সরকার ভিশন ২০২১ ঘোষণা করেছে। প্রণীত শিক্ষানীতি বাস্তবায়ন হলে আত্মশক্তি ও শাশ্বত শক্তি প্রতিষ্ঠার পাশাপাশি আধুনিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।’