টেন্ডারে রাজনৈতিক হস্তক্ষেপ মানা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাসপাতালগুলোর টেন্ডারের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ মানা হবে না। স্বচ্ছভাবেই টেন্ডারের সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার দুপুরে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিত্সক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। খবর বাসসের।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশের সব হাসপাতালের টেন্ডার-প্রক্রিয়া স্বচ্ছভাবে করতে হবে। কীভাবে টেন্ডার-প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হয়, তা আমার জানা আছে।’ তিনি জোর দিয়ে বলেন, তিন বছরের আগে গ্রাম থেকে চিকিত্সকদের বদলি করা হবে না। আগামী মাসে সাড়ে ছয় হাজার চিকিত্সকের অনেক শূন্যপদ পূরণ করা হবে।
ভুয়া ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘অবৈধ ক্লিনিক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। কোনো ধরনের অবৈধ ক্লিনিক রাখা হবে না। ইতিমধ্যে আমরা অনেক ক্লিনিক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’ এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা চান। মন্ত্রী হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন করেন।