ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে যুবলীগ-ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা। ভেতরে একটি বুথে টেবিলের ওপর পড়ে আছে হাতি ও ঘুড়ি প্রতীকে সিল মারা প্রায় সাড়ে তিন শ ব্যালট পেপার। আর অসহায়ের মতো চেয়ারে বসে আছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা।
সকাল ৯টা ২৫ মিনিটে অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায়নি। কেন্দ্রের বাইরে বিএনপির কোনো নেতা-কর্মীকেও দেখা যায়নি। লাইনেও ছিলেন না কোনো ভোটার।
কেন্দ্রের ভেতরে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের লাঠি হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় কারও কারও কোমরে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘ভোট গ্রহণ শুরুর আগে বোমার শব্দ পাওয়ার পর ভোটাররা আসছেন না। ব্যালট পেপারে সিল মারার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
ওই কেন্দ্রের আরেকটি বুথে গিয়ে দেখা যায়, হাতি প্রতীকে সিল মারা ৫৩টি ব্যালট পেপার টেবিলে পড়ে আছে। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, কারা সিল মেরেছে, তা তিনি জানেন না। তিনি বলেন, ‘সবই দেখছেন। কিছু বলতে পারব না।’ সিল মারা ব্যালটগুলো কী করবেন—জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘যা করার করবেন প্রিসাইডিং অফিসার।’
আরেকটি বুথে গিয়ে দেখা যায়, হাতি প্রতীকে সিল মারা ৪২টি ব্যালট পড়ে আছে। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মমতাজ হোসেন এ সম্পর্কে কিছু বলতে রাজি হননি।
স্থানীয় লোকজন জানান, সকাল পৌনে আটটার দিকে ভোটেকেন্দ্রের ভেতরে ককটেল ও ফাঁকা গুলি ছোড়েন আওয়ামী লীগের সমর্থকেরা।
পৌনে ১০টার দিকে ওই কেন্দ্রে আসেন বিচারিক হাকিম নুরে আলম ভুঁইয়া। তিনি বলেন, ‘কেন্দ্রে অনিয়মের বিষয়ে কোনো অভিযোগ করেননি কেউ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সকাল ১০টা ১৫ মিনিটে দক্ষিণ পাহাড়তলী অলি আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে কোনো ভোটার নেই। কিন্তু ব্যালট বাক্সগুলো ভরা। কেন্দ্রে যাওয়ার সময় দেখা যায়, ১০০-১৫০ যুবক মিছিল নিয়ে আসছেন। তাঁদের গলায় হাতি প্রতীকসংবলিত কাগজ ঝুলছিল। এ সময় ওই যুবকেরা সাংবাদিকদের মুঠোফোন বের না করতে বলেন।
ওই সময় কেন্দ্রের আশপাশে দাঁড়িয়ে থাকা ১৫-২০ জন ব্যক্তি অভিযোগ করেন, তাঁরা ভোট দিতে পারেননি। সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রটি দখল করে নেন।
ভোটকেন্দ্রে ঢুকে দেখা যায়, লাইনে কোনো ভোটার নেই। ভেতরে বসে আছেন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা ফজলুল কাদের বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি এর বেশি কিছু বলতে পারব না।’ তিনি জানান, এই কেন্দ্রে ভোটের সংখ্যা ২ হাজার ৫১০টি। এর মধ্যে দুই ঘণ্টায় ১ হাজার ৫০০টি ভোট গ্রহণ হয়ে গেছে।
ওই কেন্দ্রে সিল মারা অনেকগুলো ব্যালট বাইরে পড়ে থাকতে দেখা যায়।
ওই সময় কেন্দ্রের বাইরে বসা ছিলেন নির্বাহী হাকিম আরিফুল ইসলাম সরদার ও অভিজিৎ বসাক। তাঁদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহীদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ফতেয়াবাদ কলেজ, ফতেয়াবাদ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, শৈলবালা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের কর্মীরা ব্যালটে গণহারে সিল মারছেন।
সাংবাদিকেরা সেখানে গেলে তাঁদের ছবি তুলতে নিষেধ করেন তাঁরা।
ফতেয়াবাদ কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজ উল হক খান বলেন, সাড়ে ১১টার মধ্যে এই কেন্দ্রের ২ হাজার ৪৮৪টি ভোটের মধ্যে অর্ধেক ভোট পড়েছে। তবে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের দাবি, তাঁরা ভোটার হয়েও ভোট দিতে পারেননি। তাঁদের দাবি, বহিরাগতরা এসে ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে গেছে।
বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহানের অভিযোগ, সকাল ১০টার মধ্যে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ভোটকেন্দ্রগুলো দখল করে নেন। এ জন্য সাড়ে ১১টায় তিনি ভোট বর্জন করেছেন।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী নির্বাচন দেখতে গিয়েছিলাম। ভোটকেন্দ্রে ঢুকিনি। কারও কাছে অস্ত্রও ছিল না।’