টেবিলের নিচে মাথা ঢুকিয়ে ছাত্রীকে শাস্তি
বরগুনার পাথরঘাটায় ফারজানা আক্তার নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে ঘটনায় জড়িত সহকারী শিক্ষক মো. মাসুমের শাস্তির দাবি করেছেন। গত মঙ্গলবার পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
ছাত্রীর অভিভাবক আবদুল জলিল তালুকদার অভিযোগ করেন, ‘বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জনপ্রতি ১৫০ টাকা ফি নেন শিক্ষকেরা। আমি বাড়ি না থাকায় ওই ফি দেওয়া সম্ভব হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে শ্রেণিশিক্ষক মো. মাসুম আমার মেয়েকে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে শাস্তি দেন। দীর্ঘ সময় এভাবে মাথা ঢুকিয়ে শাস্তি দেওয়ায় মেয়েটি অস্বস্তিবোধ করে অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়িতে গিয়ে ওর মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে।’
আবদুল জলিল আরও বলেন, বিদ্যালয়ের ওই ১৫০ টাকা না দেওয়ায় অষ্টম শ্রেণির অপর দুই ছাত্রীকেও ঘাড় ধরে শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে সহকারী শিক্ষক মো. মাসুম বলেন, ‘ঘটনাটির সমাধান হয়েছে। তবে স্কুলে অনুপস্থিত থাকার কারণে এই শাস্তি দেওয়া হয়।’
জানতে চাইলে প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটির আমি খোঁজ নিয়েছি। ওই ছাত্রীকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে শাস্তি দেওয়া হয়।’
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, ‘ঘটনাটি বিধিবহির্ভূত ও দুঃখজনক। ওই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’