মানিকগঞ্জ সদর উপজেলায় গত বুধবার রাতে একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আমজাদ খান (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও তিনজন যাত্রী। অপর দিকে ঘিওর উপজেলার বাঠইমুড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে পিকআপ ভ্যানের চাপায় মো. সোহান (৫) নামের একটি শিশু মারা গেছে।নিহত আমজাদের বাড়ি সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা গ্রামে। বাবা মৃত মনির উদ্দিন খান। তিনি দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন রাত ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সিঙ্গাইরগামী একটি টেম্পো মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের নয়াকান্দি এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে অন্য তিনজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও আমজাদ নিখোঁজ হন। গতকাল ভোর পাঁচটার দিকে ডুবুরিরা এক ঘণ্টার চেষ্টা পর আমজাদের লাশ উদ্ধার করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, দুর্ঘটনাকবলিত টেম্পোটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অপর দিকে স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ঘিওর উপজেলার মানিকগঞ্জ-ঝিটকা সড়কের বাঠইমুড়ী বাসস্ট্যান্ড এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যান পেছন দিক থেকে শিশু সোহানকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেইসোহান মারা যায়। সোহান ঘিওর উপজেলার বাঠইমুড়ী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ-উল ইসলাম বলেন, দুর্ঘটনার পর নিহত শিশুটির লাশ পরিবারের লোকজন বাড়ি নিয়ে যায়।