টেম্পোতে অধিক ভাড়া স্ট্যান্ডে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির আগের দিন গতকাল রোববার দুপুর থেকেই গাজীপুরে বিভিন্ন সড়ক-মহাসড়ক অনেকটা অচল হয়ে পড়েছে। সকাল থেকে দূরপাল্লার এবং দুপুরের পর থেকে লোকাল রুটে চলাচলকারী বাসও বন্ধ হয়ে যায়। যেন অঘোষিত ধর্মঘট-হরতাল চলছে গাজীপুরে।ফলে গন্তব্যে যেতে ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। বাসের অভাবে বিকল্প পরিবহনে চলাচল করতে গিয়ে যাত্রীদের অধিক ভাড়া গুনতে হচ্ছে। এ সুযোগে ওইসব পরিবহনের চালক-শ্রমিকদের কাছ থেকে একশ্রেণীর পরিবহন চাঁদাবাজ ও কিছু পুলিশ সদস্যদের বিরুদ্ধে ‘রসিদহীন চাঁদাবাজি’র অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ বোনকে দেখতে আবদুল্লাহপুর থেকে রত্না বেগম ময়মনসিংহ যাচ্ছিলেন। তিনি জানান, গতকাল রোববার দুপুরে আবদুল্লাহপুরে ময়মনসিংহের কোনো বাস না পেয়ে তিনি সিএনজিযোগে জয়দেবপুর চৌরাস্তায় যান। পরে সেখানেও কোনো বাস না চলায় তিনি আর কোনো উপায় না পেয়ে ওঠেন লেগুনায়। চৌরাস্তা থেকে এসব লেগুনা জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে ভাড়া নিচ্ছে।একই কথা জানান ময়মনসিংগামী আশুলিয়ার ব্যবসায়ী আবদুস সোবাহান। তিনি জানান, বাস না পাওয়ায় ২০০ টাকা ভাড়া দিয়ে তাকে লেগুনায় যেতে হচ্ছে। দেখা গেছে, ফিটনেসবিহীন এসব লেগুনার চালকদেরও নেই কোনো বৈধ লাইসেন্স। পুলিশকে সেলামি দিয়েই তারা চলছে বিভিন্ন সড়ক-মহাসড়কে।লেগুনার চালক মো. রফিকুল ইসলাম জানান, ফিরতিপথে যদি যাত্রী না যায়, তাই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অপর এক লেগুনা চালক শমসের আলীও জানান একই কথা। তবে তাঁদের কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নেই জানিয়ে বলেন, পুলিশকে সেলামি দিয়েই নকল লাইসেন্সে তাঁরা গাড়ি চালাচ্ছেন। অপরদিকে গতকাল দুপুরে জয়দেবপুর-চৌরাস্তা এলাকায় চলাচলকারী প্রতি স্কুটার, লেগুনা, ট্যাক্সিক্যাব থেকে ২০-৩০ টাকা করে চাঁদা তুলতে দেখা গেছে রিপন নামের এক যুবককে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুটারচালক অভিযোগে জানান, শুধু রিপনই নয়, সেখানে দায়িত্বরত পুলিশরাও তাঁদের কাছ থেকে একই পরিমাণে চাঁদা নিচ্ছেন। তবে এ ব্যাপারে ওই এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের কর্মকর্তা (টিআই) পুলিশের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। একই চিত্র দেখা গেছে কালিয়াকৈর এলাকার চন্দ্রা, টঙ্গীর স্টেশন রোড ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়ও।প্রভাতী-বনশ্রী পরিবহনের প্রধান উপদেষ্টা ফজলুল হক মুসল্লি জানান, ওপরের নির্দেশে (গাড়ি রিকুইজিশন এড়াতেই) শনিবার থেকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে অনন্যা পরিবহনের পরিচালক কামরানুর রশীদ তুহীন জানান, পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকায় রাস্তায় বাস চলছে না।