টেম্পোর চাপায় শিশু নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় টেম্পোর চাপায় বাদল হোসেন (৪) নামের একটি শিশু নিহত হয়েছে।
গতকাল বুধবার উপজেলার মেদীআশুলাই এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করে। বাদল মেদীআশুলাই মধ্যপাড়া এলাকার মো. শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে মেদীআশুলাই ভাঙাবাড়ী স্টেশনের পাশে বাদলসহ দুটি শিশু খেলা করছিল। এ সময় কালিয়াকৈরগামী একটি টেম্পো বাদলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে বুঝিয়ে শান্ত করেন। বেলা একটার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়।