টেম্পোর ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর
সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি টেম্পোর ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিলেট নগরের লামাবাজার ভিআইপি সড়কে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম তাহমিনা আক্তার (১০)। নগরের মইনুননেছা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তাহমিনা সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি টেম্পো ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে দুপুর একটায় তাহমিনা মারা যায়।নিহত তাহমিনার বাড়ি সুনামগঞ্জের হোসেনপুরে। তার বাবা জামান মিয়া পেশায় রাজমিস্ত্রি। মেয়েসহ পরিবারকে নিয়ে তিনি নগরের কুলিয়াটুলা এলাকায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, তাহমিনাকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ জনতা টেম্পোটিকে আটক করে ভাঙচুর করে। পরে তার মৃত্যুর খবর পেয়ে ক্ষুব্ধ জনতা ভিআইপি সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে দুপুর দেড়টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। তিনি দুর্ঘটনাস্থলে একটি সড়ক প্রতিবন্ধক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে টেম্পোটি পুলিশের জিম্মায় দেন।