টেরিবাজারে গুদাম থেকে লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকার একটি কাপড়ের গুদাম থেকে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. উমর ফারুক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টেরিবাজারের কবির মার্কেটের দ্বিতীয় তলার ওই গুদাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কবির মার্কেটের কাপড় ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ। নিহত ফারুক কয়েক মাস আগে গিয়াস উদ্দিনের দোকানে কাজ করতেন।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, কবির মার্কেটের জিএস ক্লথ স্টোরে চাকরি করতেন ফারুক। গত ঈদুল ফিতরের আগের রাতে ফারুককে অন্য একটি দোকান থেকে ৬১ হাজার টাকা আনার জন্য পাঠান মালিক গিয়াস উদ্দিন। ফিরে এসে ফারুক দোকানের মালিককে জানান, পথে তাঁর কাছ থেকে টাকাগুলো চুরি হয়ে গেছে। পরে তাঁকে চাপ দেওয়া হলে একপর্যায়ে টাকা চুরি হয়নি বলে জানান ফারুক। টাকাগুলো পরিশোধ করা হবে বলে দোকানের মালিককে জানান। ঈদের পর ফারুক ওই দোকানের চাকরি ছেড়ে দেন। গত বুধবার বিকেলে ফারুককে ৬১ হাজার টাকা পরিশোধের জন্য গিয়াস ডেকে আনেন। কিন্তু টাকা দিতে না পারায় তাঁকে মার্কেটের দ্বিতীয় তলার একটি গুদামে আটকে রাখা হয়।
অবশ্য গিয়াস উদ্দিন গতকাল রাতে দাবি করেন, ফারুককে মারধর করা হয়নি। পাওনা ৬১ হাজার টাকা আদায় করতে তাঁকে ডেকে আনা হয়। ফারুক আত্মহত্যা করেছেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, নিহত ফারুকের শরীরে মারধরের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। গিয়াস উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।