টেলিটক কর্মকর্তাদের উদ্ধারে সমঝোতার চেষ্টা চলছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়ন থেকে গত সোমবার অপহূত রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের পাঁচ কর্মকর্তার খোঁজ গতকাল বুধবার পর্যন্ত মেলেনি। তবে, টেলিটককে কারিগরি সহায়তায় নিযুক্ত কোম্পানি বি টেকনোলজির কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অপহরণকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, অপহরণের ঘটনার পর ওই কর্মকর্তাদের উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানের কারণে অপহরণকারীরা স্থান পরিবর্তন করছে। অপহরণকারীদের গতিবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অপহূত ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে, তা কিছুটা আঁচ করা গেলেও তাঁদের ক্ষতির আশঙ্কায় সেখানে অভিযান চালানো হচ্ছে না।এদিকে গতকাল বিকেলে বাঘাইছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে অপহূতদের উদ্ধারে খাগড়াছড়ির মহাজনপাড়ার একটি বাড়িতে জনপ্রতিনিধিরা এক মতবিনিময় সভা করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারিশ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তন্টু মণি চাকমা, রূপকারী ইউপি চেয়ারম্যান পারদর্শী চাকমা, বঙ্গরতলী ইউপি চেয়ারম্যান তারুসি চাকমা, রূপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা ও অপহরণের ঘটনাস্থল বারিবিন্দুঘাটের টেলিটক টাওয়ারের পার্শ্ববর্তী স্থানের সুমন চাকমা। সোমবার দুপুরে মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাটে টেলিটকের একটি টাওয়ারে মেরামতকাজ করার সময় ওই পাঁচ কর্মকর্তাকে অপহরণ করা হয়। পরে রাতে মুঠোফোনে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত মন্টু চাকমাকে আটক করা হয়।অন্যদিকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের বাঘাইছড়ি সমন্বয়ক সমশান্তি চাকমা বলেন, পাঁচ কর্মকর্তাকে অপহরণের সঙ্গে দলটি জড়িত নয়।সুদর্শন চাকমা বলেন, তিনি সাংগঠনিক কাজে খাগড়াছড়ি ছিলেন। অপহূতদের উদ্ধারে তাঁরা চেষ্টা করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে সুস্থভাবে অপহূতদের উদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বি টেকনোলজির ব্যবস্থাপক মো. ইউসুফ বলেন, অপহূতদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। মুক্তিপণের বিষয়ে জানতে চাইলে ইউসুফ বলেন, ‘আমরা এখন মিডিয়া খুঁজছি। আশা করি, আজ-কালের মধ্যে অপহরণকারীদের সঙ্গে সমঝোতা হবে।’বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ বলেন, অপহূতদের উদ্ধারে প্রশাসন তৎপর রয়েছে। আটক মন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।