টেলিটক দিয়েই বেশি ভিওআইপি!
অবৈধভাবে বিদেশি কল আদান-প্রদানে (ভিওআইপি) সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে সরকারি মালিকানাধীন টেলিটকের সংযোগ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে গত ৩৯ দিনে ২২ হাজার ১৬৭ বার টেলিটক সংযোগ দিয়ে অবৈধ ভিওআইপি করা হয়েছে। এ হিসাবে ভিওআইপির অবৈধ ব্যবহারের মোট সংযোগের ৫৯ শতাংশই টেলিটকের।বিটিআরসির হিসাবে, ৩৯ দিনে টেলিটকের তিন হাজার ৬২টি সংযোগে কথা বলা হয়েছে ২২ হাজার ১৬৭ বার।তবে টেলিটকের সংযোগ দিয়ে ভিওআইপির অবৈধ ব্যবহারের এ অভিযোগ অস্বীকার করেছে টেলিটক কর্তৃপক্ষ। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, শনাক্ত করার মেশিন বসিয়েছে বেসরকারি অপারেটররা। তাই এ হিসাবের পেছনে তাদের কারসাজি থাকতে পারে। ওই মেশিন নিয়ন্ত্রণ করে বেসরকারি অপারেটররাই। নিজেদের সংযোগ কম শনাক্তকরণের জন্য তাদের উন্নতমানের কোনো সফটওয়্যার থাকতে পারে।তবে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সভাপতি জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মোবাইল অপারেটররা ভিওআইপির অবৈধ ব্যবহারের সঙ্গে যুক্ত—এ অপবাদ থেকে মুক্ত হতে এবং এ বিষয়ে সরকারকে সহযোগিতার স্বার্থে একটি যন্ত্র বসানোর কাজে সহায়তা করেছে।’টেলিটকের সিস্টেম-অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক মো. তৌহিদ বলেন, এ পর্যন্ত ভিওআইপি অভিযোগে প্রায় দেড় হাজার সংযোগ বন্ধ করা হয়েছে। প্রয়োজনে আরও বন্ধ করতে আপত্তি নেই, কিন্তু টেলিটক সংযোগ দিয়ে এ হারে অবৈধ ভিওআইপির অভিযোগ ভিত্তিহীন।টেলিটক কর্তৃপক্ষের অভিযোগ প্রসঙ্গে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ‘সিম ডিটেকশন বক্স’ কোনো বেসরকারি মোবাইল অপারেটর বা সরকারি-বেসরকারি কোনো কোম্পানি নিয়ন্ত্রণ করে না। এ যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে বিদেশি কল আদান-প্রদানে কোন কোন কোম্পানির সংযোগ ব্যবহার করা হচ্ছে, তা সহজেই শনাক্ত করা যায়। বিশ্বখ্যাত শনাক্তকরণ প্রতিষ্ঠান বেলজিয়ামের এমইইউসিসিআই মেশিনটি নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানটি বিশ্বের এক শর বেশি দেশে অবৈধ বিদেশি কল শনাক্ত করে থাকে। কর্মকর্তারা আরও জানান, সরাসরি আড়াই শ আন্তর্জাতিক ক্যারিয়ার লিংক থেকে অবৈধ কল শনাক্ত করে সব তথ্য সংশ্লিষ্ট দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, সিম ডিটেকশন বক্স থেকে প্রাপ্ত নম্বরগুলোর তালিকা সংশ্লিষ্ট অপারেটরদের পাঠানো হয়েছে। নম্বরগুলো বন্ধ করাসহ সংযোগের বিপরীতে সব তথ্য কমিশনে পাঠিয়ে দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।৩৯ দিনে করা এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। চার হাজার ৮২৭ সংযোগ দিয়ে সাত হাজার ৪৫৯ বার বিদেশি কল করা হয়েছে। রবি রয়েছে তৃতীয় স্থানে। দুই হাজার ৬৮১ সংযোগ নিয়ে। ওয়ারিদের ৯৪৩টি সংযোগ, গ্রামীণফোনের ৩৩টি এবং সিটিসেলের ২৬টি সংযোগ ব্যবহার করা হয়েছে। আর সরকারি ল্যান্ডফোন বিটিসিএলের ১৭৬টি সংযোগ দিয়ে অবৈধ বিদেশি কল আদান-প্রদান করা হয়েছে। ভিওআইপিতে ব্যবহূত অবৈধ সংযোগের তালিকায় বাংলালিংক প্রসঙ্গে অ্যামটবের সভাপতি ও বাংলালিংকের রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জাকিউল ইসলাম বলেন, ‘প্রতিটি নম্বর বিটিআরসি থেকে পাওয়া মাত্রই বাংলালিংক সংযোগটি বন্ধ করে দিচ্ছে।’উল্লেখ্য, ভিওআইপির অভিযোগ থেকে মুক্তি পেতে গত ৫ মে দেশের চার মোবাইল অপারেটর (গ্রামীণফোন, বাংলালিংক, ওয়ারিদ ও সিটিসেল) বিটিআরসির কার্যালয়ে সিমবক্স ডিটেকশন বক্স স্থাপন করে। পরে ১১ মে রবি নিজ কার্যালয়ে আরেকটি যন্ত্র স্থাপন করে।