টেলিটকে অনিয়মের জবাব পায়নি সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন কোম্পানি টেলিটকের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কিন্তু কমিটির প্রশ্নের জবাবে কোনো গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি টেলিটক। এ নিয়ে আজকের সোমবারের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, অবৈধ কল টার্মিনেশন ও অবৈধ ভিওআইপিতে টেলিটকের সিমের ব্যবহার শীর্ষে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছে।

বৈঠক সূত্র জানায়, সংসদীয় কমিটি আজ টেলিটকের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে। জবাবে টেলিটক বলেছে, গণমাধ্যমের প্রকাশিত খবর সঠিক নয়। সে জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম বরাবরে প্রতিবাদ পাঠিয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, বিভিন্ন গণমাধ্যমে টেলিটকের অনিয়ম নিয়ে লেখালেখি হয়েছে। টেলিটক সব গণমাধ্যমে অভিন্ন প্রতিবাদ পাঠিয়েছে। কিন্তু কোনো গণমাধ্যমই তাদের প্রতিবাদ ছাপেনি। কমিটি বলেছে, গণমাধ্যমের সংবাদ অসত্য হলে এবং এ সম্পর্কিত টেলিটকের প্রতিবাদ যদি গণমাধ্যম না ছাপিয়ে থাকে, তাহলে তারা এসব গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি কেন? কমিটি এ প্রশ্নের কোনো সদুত্তর পায়নি। সদুত্তর না পাওয়ার অর্থ কী? অনেক প্রশ্ন করা হয়েছে, উত্তর ঠিকমতো আসেনি।

গত ২১ জুলাই সংসদে এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, গত এক বছরে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার দায়ে টেলিটকের ১০ হাজার ৮০৫টি সিম জব্দ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টেলিটকের নতুন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা এবং প্রতিষ্ঠানটিকে কীভাবে লাভজনক করা যায়, সে বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিবকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ইমরান আহমেদ বলেন, ৪০ লাখ সিমের মধ্যে ২০ লাখ অনিবন্ধিত, যেগুলো বন্ধ করা হয়েছে। তাহলে সংযোগ বাড়ানোর জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কমিটি জানতে চেয়েছে।

ইমরান আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, মোয়াজ্জেম হোসেন, শওকত হাচানুর রহমান ও হোসনে আরা লুৎফা অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।