টেলিটকের কাছে পাওনা ১৬০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কাছে পাওনা প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। টেলিটক বলছে, তাদের পক্ষে নিজস্ব উৎস থেকে বিটিআরসির থ্রিজি লাইসেন্স ফি পরিশোধ করা সম্ভব নয়। বিটিআরসি বলছে, টাকা পরিশোধ না করলে ভবিষ্যতে বিটিআরসি থেকে টেলিটককে কোনো ধরনের অনুমোদন দেওয়া হবে না।
বিটিআরসি সূত্রে জানা যায়, থ্রিজি তরঙ্গ ফি বাবদ টেলিটকের কাছে বিটিআরসির পাওনা ১ হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ ৯ হাজার ৫২৪ কোটি টাকা। এ অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ ছিল গত বছরের ৩ জুন। এর ওপর মূল্য সংযোজন কর এবং ১৫ শতাংশ হারে বিলম্ব ফিও যুক্ত হবে। এ ছাড়া রাজস্ব আয় ভাগাভাগির অংশ ও বার্ষিক লাইসেন্স ফি বাবদ প্রতিষ্ঠানটির কাছে আরও পাওনা প্রায় ৩০ কোটি টাকা। বিটিআরসি সূত্র জানিয়েছে, পাওনা আদায়ে টেলিটককে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। চলতি বছরে টেলিটকের দেওয়া একটি চিঠির জবাবে জানানো হয়, ‘টেলিটকের পক্ষে নিজস্ব উৎস থেকে কোনোক্রমেই বিটিআরসির নির্ধারিত থ্রিজি লাইসেন্স ফি পরিশোধ করা সম্ভব নয়। তবে টেলিটক থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন পর্যায়ে পরিশোধের বিষয়টি নিষ্পত্তির জন্য প্রচেষ্টা অব্যাহত আছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন আছে।’
‘অর্থ মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন আছে’—বিষয়টি বিবেচনা করে গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত বিটিআরসির ১৭৮ তম কমিশন সভায় টেলিটককে থ্রিজি তরঙ্গ ব্যবহারের জন্য বেতার যন্ত্রপাতি আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি টেলিটককে দেওয়া সুবিধা যাতে অন্য মুঠোফোন কোম্পানির সঙ্গে সমতা তৈরির ক্ষেত্রে (লেভেল প্লেয়িং ফিল্ড) বাধা তৈরি না হয়, বকেয়া আদায়ের জন্য অডিট অধিদপ্তরে মামলা করার সুপারিশ, রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিটিআরসির লক্ষ্য অর্জনে অপূর্ণতা এবং ভবিষ্যতে টাকা পরিশোধ না করলে টেলিটককে অনুমোদন দেওয়া হবে না প্রভৃতি বিষয়ে টেলিটক এবং ডাক ও টেলিযোগাযোগ সচিবকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের সভায়।
থ্রিজি প্রযুক্তি চালু এবং ২.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে ছয় মাসের জন্য থ্রিজি তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল টেলিটককে। পরে তিন দফায় সময় বাড়ানো হয় আরও দেড় বছর। তাদের ২১৫০-২১৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসি। বাণিজ্যিক পরীক্ষণের ভিত্তিতে দেশে থ্রিজি প্রযুক্তির সেবা চালু করে ২০১২ সালের ১৪ অক্টোবর।
টেলিটকের জন্য বরাদ্দ থাকা ১০ মেগাহার্টজ তরঙ্গের মোট দাম ২১ কোটি মার্কিন ডলার। নীতিমালা অনুযায়ী, ২০১৩ সালের ২৩ অক্টোবরের মধ্যে ৫ শতাংশ ভ্যাটসহ সাড়ে ১০ কোটি টাকা লাইসেন্স ফি ও ১০ মেগাহার্টজ তরঙ্গের মূল্যের ৬০ শতাংশ বা ৯৮০ কোটি টাকা পরিশোধের কথা ছিল টেলিটকের। কিন্তু ওই সময়ের মধ্যে কোনো অর্থই পরিশোধ করতে পারেনি টেলিটক।
বিটিআরসি প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির গ্রাহক ৩৮ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। এরই মধ্যে এক লাখেরও বেশি থ্রিজি গ্রাহকও রয়েছে টেলিটকের।
টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্টদের মতে, বেসরকারি মুঠোফোন কোম্পানিগুলোর তুলনায় অনেক বেশি সুযোগসুবিধা পাওয়া সত্ত্বেও প্রতিষ্ঠার ১০ বছরেও ব্যবসায় পরিকল্পনা তৈরি করতে পারেনি টেলিটক। সেবার মানোন্নয়নের পাশাপাশি আর্থিক সক্ষমতাও তৈরি হয়নি প্রতিষ্ঠানটির। আর সক্ষমতা না থাকায় পরিশোধ করতে পারছে না থ্রিজি সেবার তরঙ্গ বরাদ্দের ফি।