টেলিটকের জন্য নতুন বিনিয়োগের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি টেলিটকের কাজে অসন্তোষ প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির মতে, গত পাঁচ বছরে সরকারি অর্থায়ন ও দক্ষ জনবলের অভাবে টেলিটক বাণিজ্যিকভাবে নাজুক অবস্থানে রয়েছে। অন্যদিকে টেলিটকের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটিকে গতিশীল ও লাভজনক করার জন্য আরও দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সংসদ ভবনে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে হাসানুল হক ইনু জানান, ২০০৫ সালে টেলিটক যাত্রা শুরুর সময় দেশে মুঠোফোনের গ্রাহকসংখ্যা ছিল ২৭ লাখ। বর্তমানে এ সংখ্যা ছয় কোটির বেশি। এর মধ্যে টেলিটকের গ্রাহকসংখ্যা মাত্র ১২ লাখ। আর গত পাঁচ বছরে অন্য পাঁচটি বেসরকারি অপারেটর বিনিয়োগ করেছে ২৮ হাজার কোটি টাকা। সেখানে টেলিটকের বিনিয়োগ মাত্র এক হাজার কোটি টাকা।ইনু বলেন, আর্থিক দৈন্যের কারণেই টেলিটক অন্যদের থেকে পিছিয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট সরকার টেলিটকের জন্ম দিলেও তারা এ প্রতিষ্ঠানটির ব্যাপারে কখনোই আন্তরিক ছিল না। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও টেলিটকে অর্থায়ন করা হয়নি। মূলত দুর্বল অর্থায়ন এবং দক্ষ জনবলের অভাবের কারণে টেলিটক অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত অর্থবছরে প্রতিষ্ঠানটি সাত কোটি টাকা নিট লাভ করেছে। গত ১৮ মাসে গ্রাহক তিন লাখ বেড়েছে।বর্তমান সময়কে টেলিটকের ‘উদ্ধারপর্ব’ আখ্যা দিয়ে কমিটির সভাপতি বলেন, সরকার টেলিটকে নতুন করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য চীনের কাছ থেকে ২১১ মিলিয়ন ডলার (প্রায় দেড় হাজার কোটি টাকা) আর্থিক সহায়তা নেওয়ার কথাবার্তা চলছে। এ ছাড়া টেলিটক নিজস্ব লাভের টাকা দিয়ে এ বছরই ৬৯২টি বিটিএস বসাবে। এ বিনিয়োগ এবং বিটিএস বসানোর কাজ সম্পন্ন হওয়ার পর টেলিটকের পক্ষে নতুন ৫৫ লাখ গ্রাহক সৃষ্টি করা সম্ভব হবে।ব্রিফিংয়ে আরও জানানো হয়, টেলিটককে গতিশীল এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়েছে। এই কমিটি আগামী ডিসেম্বরের মধ্যে কমিটির কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।এ ছাড়া টেলিটককে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান জানান, ২০১২ সালের মধ্যে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আসবে। কমিটি সিমের ওপর ধার্য করা ৮০০ টাকার ট্যাক্স প্রত্যাহারের সুপারিশও করে।গতকালের বৈঠকে পাঁচটি পিএসটিএন (বেসরকারি ল্যান্ডফোন) কোম্পানি বন্ধ করে দেওয়ার কারণ ও তার যৌক্তিকতা তদন্তের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য আবদুল কুদ্দুসকে আহ্বায়ক এবং নজরুল ইসলাম বাবু, খালিদ মাহ্মুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন রতনকে সদস্য করে গঠিত এই উপকমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।