টেলিটকের থ্রি-জি বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্রি-জি নেটওয়ার্কের উন্নয়নকাজের জন্য ভোগান্তিতে পড়েছেন সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের গ্রাহকেরা। গত সোমবার মধ্যরাত থেকেই টেলিটকের সংযোগ-বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকেরা। এ বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রথম আলোতে আসা প্রধান অভিযোগ হচ্ছে, দ্বিতীয় প্রজন্মের (টুজি) প্রযুক্তি থেকে তৃতীয় প্রজন্মে (থ্রি-জি) সেবা পেতে গিয়ে তাঁদের সংযোগটাই বন্ধ হয়ে গেছে। চিকিৎসক ও স্বাস্থ্যবিষয়ক লেখক সজল আশফাক বলেন, তাঁর টেলিটকের সিম হঠাৎ অকার্যকর হয়ে গেছে। সংযোগ বিষয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই এত বড় উদ্যোগ বাস্তবায়ন করতে যাওয়ায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন বলে মনে করেন ওই চিকিৎসক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে গত আগস্ট মাস পর্যন্ত টেলিটকের গ্রাহকসংখ্যা প্রায় ১৪ লাখ। এ বিষয়ে টেলিটক সূত্র জানায়, প্রায় সাড়ে আট লাখ গ্রাহকের সংযোগ নিয়ে এ সমস্যা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার টেলিটকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিটকের থ্রি-জি সিস্টেম আপ-গ্রেডেশন প্রক্রিয়া সম্পাদিত হয়েছে। এ পর্যায়ে কিছু কিছু গ্রাহকের সিম অকার্যকর হয়ে যেতে পারে। সম্মানিত গ্রাহকদের অকার্যকর সিম নিকটস্থ টেলিটকের গ্রাহকসেবা কেন্দ্র থেকে বিনা খরচে প্রতিস্থাপন করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পূজার ছুটির দিনেও টেলিটকের সব কাস্টমার কেয়ার সেন্টার খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।