টেলিটকের পদ ছাড়লেন কামাল উদ্দিন
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য কামাল উদ্দিন আহমেদ মুঠোফোন অপারেটর টেলিটকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধান লঙ্ঘন করে দেড় বছর ধরে তিনি পিএসসির পাশাপাশি টেলিটকের পরিচালকের দায়িত্বে ছিলেন।
কামাল উদ্দিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন টেলিটকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগসচিব শ্যামসুন্দর সিকদার। তিনি প্রথম আলোকে বলেন, গত ২৯ মে টেলিটকের সর্বশেষ পরিচালনা পর্ষদের বৈঠকে কামাল উদ্দিন আহমেদের পদত্যাগপত্রে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
পিএসসির সদস্য হিসেবে কামাল উদ্দিন আহমেদের টেলিটকের পরিচালকের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে গত ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক এ বিষয়ে কামাল উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠান। শাহদীন মালিক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, পিএসসির সদস্য থাকা অবস্থায় কামাল উদ্দিন আহমেদ যে সংবিধান ভঙ্গ করেছেন, সেটি টেলিটকের পরিচালক থেকে পদত্যাগের মাধ্যমে তিনি স্বীকার করে নিলেন। একই সঙ্গে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালনের নৈতিক অধিকারও তিনি হারালেন।
শাহদীন মালিক বলেন, সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের ৩ ও ৪ উপ-অনুচ্ছেদ অনুযায়ী, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা মুনাফা লাভের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের সদস্য হিসেবে থাকতে পারবেন না।
২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি পিএসসির সদস্য হিসেবে কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি ২০১৫ সালে অতিরিক্ত সচিব হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে অবসরে যান। নিয়ম অনুযায়ী চাকরি থেকে অবসরে যাওয়ার পরপরই কামাল উদ্দিন আহমেদের টেলিটকের পরিচালনা পর্ষদের সদস্যপদ ছেড়ে দেওয়ার কথা।