টেলিটকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি: তারানা হালিম
সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের সেবা ও অনিয়ম নিয়ে ওঠা নানা অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল বুধবার রাজধানীর গুলশানে টেলিটকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এই কমিটি টেলিটকের ভিওআইপি, দুর্নীতি, অনিয়ম এবং এক জায়গায় স্থবির হয়ে থাকার বিষয়গুলো তদন্ত করবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে টেলিটকের সংস্কার প্রকল্প নেওয়া হবে।
কমিটিতে কারা থাকবেন জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, একজন বিশেষজ্ঞ, একজন শিক্ষকসহ আরও কয়েকজন থাকবেন। তাঁদের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এমন কাউকে রাখা হবে না, যার সঙ্গে এই খাতের স্বার্থ রয়েছে।
প্রতিমন্ত্রী টেলিটকের সেবার মান বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, গ্রাহকদের তো অভিযোগের অন্ত নেই। কাজেই সেবার মান বাড়াতে হবে। সিম কার্ড ও রিচার্জ কার্ড প্রাপ্তির মতো টেলিটকের ছোট ছোট সমস্যা এখনি সমাধান করতে হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।