টেলিটকের শেয়ার বাজারে ছাড়া হবে
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, টেলিটকের ২৫ শতাংশ প্রাথমিক শেয়ার (আইপিও) বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কবে থেকে এ শেয়ার ছাড়ার কাজ শুরু হবে, সে সময়সূচি এখনো পাওয়া যায়নি।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁর সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে টেলিটক কোম্পানি পরিচালনার একটি প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে।অধিবেশনের শুরুতে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন গতকাল মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় শুরু হয়। সিরাজগঞ্জের সাংসদ শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণের কার্যকরী সুদের হার ৩০ ভাগের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৪ জানুয়ারি সংসদের শীতকালীন এ অধিবেশন শুরু হয়।