টেলিনর বিশ্ব যুব সম্মেলনের বিজয়ী আশরাফুল-মেহজাবীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে (বাঁ–থেকে) গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, বিজয়ী আশরাফুল হক সিফাত ও নওশীন মেহজাবীন চৌধুরী এবং গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অফিসার এরল্যান্ড প্রেস্টগার্ড। ছবি: বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে (বাঁ–থেকে) গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, বিজয়ী আশরাফুল হক সিফাত ও নওশীন মেহজাবীন চৌধুরী এবং গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অফিসার এরল্যান্ড প্রেস্টগার্ড। ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বব্যাপী তরুণদের প্রতিযোগিতাভিত্তিক আয়োজন টেলিনর যুব সম্মেলন ২০১৪–এর বিজয়ী হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আশরাফুল হক সিফাত এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নওশীন মেহজাবীন চৌধুরী।
দুই বিজয়ী আগামী ডিসেম্বরে নরওয়ের অসলোতে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উদ্ভাবন তুলে ধরবেন। বিজয়ীরা নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণেরও সুযোগ পাবেন। সেখানে টেলিনরের কার্যক্রম পরিচালিত হয় এমন আরও ১৩টি দেশ থেকে মোট ২৬ জন বিজয়ী অংশ নেবেন।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী সাফা তাসনিম এবং সামি তাহসিন টেলিনর বিশ্ব যুব সম্মেলনে বিজয়ী হন এবং অসলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এবারের প্রতিযোগিতায় বিজয়ী আশরাফুল হক সিফাত পানিতে ডুবে যাওয়া থেকে শিশুদের রক্ষা করতে এনেছেন ডিজিটাল মাদুলির ধারণা। এর মাধ্যমে মা–বাবা অথবা উদ্ধারকর্মীরা ডুবে যাওয়া শিশুর অবস্থান নির্ণয় করতে পারবেন।
নওশীন মেহজাবীন চৌধুরীর অ্যাপটির নাম ‘ফার্স্ট লেডি’। অ্যাপটি নারীর বিরুদ্ধে ঘরে-বাইরে সহিংসতা প্রতিরোধ নিয়ে কাজ করবে।
২০১৪ সালের আগস্ট থেকে তিন স্তরের এ প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীরা দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। দ্বিতীয় পর্ব শেষে চার ফাইনালিস্ট নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সমাজ পরিবর্তন এবং সুযোগ সৃষ্টির জন্য তরুণদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয়ী আশরাফুল হক সিফাত প্রথম আলোকে বলেন, পরিকল্পনাটি চূড়ান্ত হয়েছে। এখন এটাকে সামনে এগিয়ে নেওয়ার পালা।
নওশীন মেহজাবীন চৌধুরী এখন ধারণাটি বাস্তবায়নের জন্য জন্য কাজ করে যাওয়ার কথা জানালেন। এ বিষয়ে অর্থনৈতিক দিকটির বিষয়ে নিশ্চয়তা পেলে কাজ এগিয়ে নিতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এ সময় গ্রামীণফোনের সিইও বিবেক সুদ এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ, গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অফিসার এরল্যান্ড প্রেস্টগার্ড উপস্থিত ছিলেন।